মঙ্গলবার, ৩১ মে, ২০১১

অনাথ শিশু

শিশুকালেই গলির মোড়ে রিকশা চালায় লালু,
পরের বাড়ি মাইনে খাটে তার ছোটভাই কালু
বস্তি পড়ার বেড়ার ঘরে ওরা দুজন থাকে,
অনেক আগেই হারিয়েছে আদুরে বাপ-মাকে

চলতে শিখেই ওরা দুজন গায়গতরে খাটে,
এক বেলা খায় অন্য বেলা অনাহারেই কাটে
পেটে খিদে তবু ওরা সদায় মুখে হাসে,
দিন কেটে যায় কাজের মাঝে আনন্দ-উচ্ছ্বাসে

কচি কচি স্বপ্ন মেলা ওদের চোখে জ্বলে-
অকালে তা যাচ্ছে মারা অভাব নামের কলে
ওদের মতো অনেক শিশু করে বেড়ায় খেলা,
ঘুড়ি ওড়ায় বিল-বাঁওড়ে ভাসায় কলার ভেলা

ওরা দু’ ভাই সকাল হলেই যায় বেরিয়ে কাজে,
আবার যখন ঘরে ফেরে রাত বারোটা বাজে
এমনিভাবেই সকাল আসে আবার আসে রাতি,
লালু-কালু অন্ন খুঁজে বেড়ায় আতিপাতি

এমন হাজার অনাথ শিশু দালান বাড়ির কাছে,
কাঁদো কাঁদো খিদের জ্বালায় দু’ হাত পেতে আছে
লালু-কালুর মতোই তারা বাঁচে লড়াই করে,
অবহেলায় থাকবে এরা আর কতোকাল ধরে?
২১.১১.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন