মায়ের কাছে স্বর্গ আছে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মায়ের কাছে স্বর্গ আছে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

কার হাসিতে

কার হাসিতে জগত হেসে ওঠে
বাগানে ফুল ফোটে
মেতে ওঠে ফসল মাঠে মাঠে
পাপ কালিমা কাটে।

কার হাসিতে শান্তি বেড়ায় ঘুরে
দুঃখ পালায় দূরে
নিমেষে যায় আঁধার জ্বরা কেটে
সকল আশা মেটে।

কার হাসিতে সুখের তারা জ্বলে
চাঁদ ওঠে ঝলমলে
শীতল বাতাস একটানা যায় বয়ে
খোদার আশিস হয়ে?

এও কি জানো না
তিনি হলেন মা।
২২.০৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২

মা কে জানো?

মা কে জানো এই দুনিয়ায় সবচে বড় আসন যার
সাত সাগরের রত্ন মানিক মধুর মধুর শাসন যার
মুখে ফুলের হাসি, বুকে অসীম মায়া ধারণ যার
মায়ার বাঁধন দিয়ে গড়া আদেশ নিষেধ বারণ যার।

মা কে জানো এই দুনিয়ায় পায়ের নিচে স্বর্গ যার
খোদার পরে পাওনা আছে ভক্তি পুজো অর্ঘ্য যার
আশিস দোয়া আশীর্বাদে ভরা যুগল চরণ যার
সন্তানদের জন্যে খুবই তুচ্ছ মরণ বরণ যার।

মা কে জানো এই দুনিয়ায় সবচে দিলে রহম যার
নেই কোনো পাপ পঙ্কিলতা তিল পরিমাণ অহম যার
ভালোবাসা খাস মমতার নেই তো বুকে অভাব যার
মহান মহৎ কলঙ্কহীন দেবীর মতো স্বভাব যার।

মা কে জানো এই দুনিয়ায় সওয়াব লেখা বদন যার
মনের ভেতর বিরাট বিশাল শান্তি সুখের সদন যার
এই উপহার খোদার দেয়া হৃদয় খুবই নরম যার
সব মানুষের ঊর্ধ্বে যিনি স্নেহের পরশ পরম যার।
০৭.০৬.২০১০, বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১

সমান সমান

মায়ের কাছে যেমন খোকা
তেমনই ঠিক খুকু,
দুজনই পায় সমান সমান
আদর-সোহাগটুকু

খোকা-খুকুর বুক ভরে মা
দেন ঢেলে সব উমু,
দুই গালে দেন বারে বারে
আশিসমাখা চুমু

মা জননী স্বর্গরাণী
খোদার সেরা দান,
ছেলে-মেয়ে সবার প্রতি
মায়ের একই টান
০৪.৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, চুয়াডাঙ্গা

মায়ের কাছে স্বর্গ আছে

মায়ের কাছে
স্বর্গ আছে
খুঁজতে হবে-
মা কী জিনিস এই দুনিয়ায়
বুঝতে হবে

মায়ের কাছে
স্বর্গ আছে
জানতে হবে-
খোদার পরেই মা জননী
মানতে হবে

মায়ের কাছে
স্বর্গ আছে
ধরতে হবে-
ধরতে হলে মার মন জয়
করতে হবে
০৪.৬.২০১০ খ্রি. বনানীবাড়ি, চুয়াডাঙ্গা

মঙ্গলবার, ৩১ মে, ২০১১

আমার মায়ের মন করেছি জয়

শুক-সারিদের গল্প দিয়ে আমার বাড়ি ঘেরা
শান্তি-সুখের সকল দিকে এই পরিবার ঘেরা
কেউ কখনো কারোর পানে মুখ করে না কালো
মন্দ কথা কেউ বলে না সবাই ভালোর ভালো
আমার পুরো বাড়ি জুড়ে সুখের বাতাস বয়;
কারণ, আমি আমার মায়ের মন করেছি জয়

কোনো অভাব পারে নাতো আমার বাড়ি ছুঁতে
ভালোবাসার রত্ন মানিক মা রেখেছেন পুঁতে
জগতজোড়া সুখ রয়েছে আমার বাড়ি ঘরে
হাসি-খুশির সুতো বাঁধা অন্তরে অন্তরে
সত্য সঠিক পথে চলি করিনে ডর-ভয়;
কারণ, আমি আমার মায়ের মন করেছি জয়

আমার পরিবারের কারো হয় না অসুখ-জ্বালা
কোন্ মমতার ছায়ায় ঢাকা ছোট্ট ঘরের চালা
কষ্ট বলে কোনো কিছুর পাইনে দেখা মোটে
সবার মুখে হাসিরা তাই ফুলের মতো ফোটে
এ সংসারের জীবনযাপন বেজায় মধুময়;
কারণ, আমি আমার মায়ের মন করেছি জয়

বিপদ-আপদ মছিবতেও হয় না কিছু জানি
পাশে এসে দাঁড়ায় ঘিরে খোদার মেহেরবানি
ফুলের সুবাস ছুটে আসে আমার বাড়ির পানে
মৌমাছিরা গান গেয়ে যায় আঙিনা উদ্যানে
আমায় ছুঁতে পারে নাতো কোনো অবক্ষয়;
কারণ, আমি আমার মায়ের মন করেছি জয়
০৯.৯.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

মা নেই যার

মা নেই যার বসতঘরে
দুনিয়া তার ফাঁকা,
যেই দিকে যায় চোখে পড়ে
বিরান ধু ধু খাঁ খাঁ

সুখ শান্তির বালাই যেন
থাকে না তার কোনো,
মায়ের মতো মধুর মিঠে
ডাক কি কোথাও শোনো?

মা নেই যার কী আছে তার
গর্ব করার মতো,
ছন্নছাড়া পৃথিবী তার
জীবন অনুন্নত

আনন্দরা যায় হারিয়ে
ব্যথায় কাঁদে বুক,
মা ছাড়া কি কোনো ঘরে
বসত করে সুখ?
০৬.৬.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

মায়ের দোয়া

মায়ের দোয়া বড় দোয়া
লম্বা হবে আকাশ ছোঁয়া
জাদুর মতো লাগে,
মা যখনই দু’ হাত তোলেন
অসুখ বিসুখ ভাগে

মায়ের দোয়া জগত সেরা
মহান খোদার দয়ায় ঘেরা
আলোর মতো ছোটে,
তার দোয়াতে মরা গাছেও
পুষ্প এসে ফোটে

মায়ের দোয়া থরে থরে
আল্লা তা’লা কবুল করে
আপদ বিপদ পালায়,
সারা বাড়ি শান্তি-নামে
যায় মসিবত বালাই
০৬.৬.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

মা যে আমার

মা যে আমার চোখের মণি
মুক্তা মানিক সোনার খনি
এই দুনিয়ার সবচে ধনী
চাই না কিছু আর,
মা যে আমার শীতল ছোঁয়া
পরান খোলা নিখাদ দোয়া
ভালোবাসায় জীবন ধোয়া
নেই তুলনা যার

মা যে আমার আশার আলো
বিশ্বজোড়া ভালোর ভালো
দেয় কাটিয়ে আঁধার-কালো
সকল অসুখ ভার,
মা যে আমার স্বপ্ন দেখা
কবিতা গান গল্প লেখা
শান্তি-সুখের তিলক রেখা
সকল অহঙ্কার
০২.৬.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

উপমা

সবার ওপর আল্লা তা’লা
তারই নিচে মা,
মায়ের সাথে কোনো কিছুর
হয় না তুলনা

মা’র জন্যেই সব দেখেছি
এই পৃথিবীর যা,
তারিফ করার নেই যে ভাষা
কী করে কই তা!

ছুটে বেড়াও বাংলাদেশের
হাজার হাজার গাঁ,
কোথাও খুঁজে পাবে নাতো
মায়ের উপমা
২৬.৫.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

মা কি শুধু

মা কি শুধু কবিতা গান
গল্প ছড়া পদ্যে?
মা রয়েছেন আমার সকল
ভালোবাসার মধ্যে

যার উদরে জন্ম নিয়ে
আজকে আমি ধন্য,
আমার যত শ্রদ্ধা-দরদ
সেই জননীর জন্য
২৬.৫.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

মাকে আমি অনেক ভালোবাসি

যখন থাকি মা জননীর বুকে
যায় জুড়িয়ে মনটা মহাসুখে
দূর হয়ে যায় সকল কিছুর জ্বালা
নেমে আসে শান্তি-সুখের পালা
সুর তুলে গায় মা’র আদরের বাঁশি,
মাকে আমি অনেক ভালোবাসি

যখন থাকি মা জননীর পাশে
বুকটা আমার শীতল হয়ে আসে
হৃদয় জুড়ে খুশির পুলক জাগে
ফুলরা ফোটে মনজমিনের বাগে
ঠোঁটের ওপর নেচে বেড়ায় হাসি,
মাকে আমি অনেক ভালোবাসি

যখন থাকি মা জননীর কাছে
বিশ্বজোড়া সব মনে হয় আছে
অভাব নামের শব্দটা যায় উড়ে
শান্তি-নামে সারা শরীর জুড়ে
পাই মমতার পরশ রাশি রাশি,
মাকে আমি অনেক ভালোবাসি
২৫.৫.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

খোদার আশিস

কার করুণার কোমল দরদ
বুকটা শীতল করে,
কার দু’ হাতের স্নেহের ছোঁয়ায়
সুখ জাগে অন্তরে

কার হাসিতে পাপ-কালিমা
মনের আঁধার সরে,
কার আদরের মিঠেল নহর
শূন্য হৃদয় ভরে

কার মমতা দেয় জুড়িয়ে
মনের যত জ্বালা,
কার চুমুতে মধুর পরশ
স্বর্গীয় সুখ ঢালা

কার সোহাগের নেই তুলনা
এখন শোনো তা,
জগতজোড়া ভালোবাসা
খোদার আশিস মা
২৬.৫.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

মা হলো গে

মা হলো গে তারার ঝিলিক
মা হলো গে চাঁদ,
মা হলো গে এই দুনিয়ার
সেরা আশীর্বাদ

মা হলো গে রবির আলো
সাত সাগরের ধন,
মা হলো গে মায়ার বাঁধন
হয় না যা খণ্ডন।

মা হলো গে সবচে আপন
একই নাড়ির টান,
মা হলো গে খোদা তা’লার
শ্রেষ্ঠ অবদান
২৬.৫.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

বুধবার, ২৫ মে, ২০১১

মায়ের কাছে

মায়ের কাছে স্বর্গ আছে
থাকি আমি তারই কাছে
চাঁদের আলো হেসে হেসে
আমার ঘরে পড়ে এসে

আমার ঘরে মধুর নহর
ছুটে চলে সারা পহর
একটানা বয় দুধের নদী
সারা বছর নিরবধি

আমার ঘরে খুশির মেলা
আনন্দ বয় সারা বেলা
পুলক জাগে রাশি রাশি
স্বর্গ আমার মায়ের হাসি
১৭.৮.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

মায়ের হাসি

মায়ের হাসি শীতল করে বুক
উজল করে কালোয় ভরা মুখ
পাপ কালিমা সব করে দেয় দূর
মন হয়ে যায় আলোর সমুদ্দুর

মায়ের হাসি পুলক জাগায় মনে
শক্তি সাহস জোগায় ক্ষণে ক্ষণে
দূর করে দেয় সকল আঁধার কালো
কষ্টে ভরা মন হয়ে যায় ভালো

মায়ের হাসি স্বর্গ আনে ঘরে
ছড়ায় খুশি অন্তরে অন্তরে
মায়ের হাসি খোদা তা’লার দান
দুঃখ জ্বালার ঘটায় অবসান
১২.৮.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

রবিবার, ১৫ মে, ২০১১

ছোট্ট মেয়ে চুমকি

ছোট্ট মেয়ে চুমকি,

সারাক্ষণই ব্যস্ততা তার

বায়না ধরার ধুম কী!


খেলনা পুতুল আনতে হবে

ঠেলার গাড়ি টানতে হবে

না আনলে

না টানলে

বড্ড দেখায় হুমকি;

ছোট্ট মেয়ে চুমকি

খুকু

খুকুর গায়ে লাল জামা

এনেছে কাল তার মামা

তবু খুকুর যায়নি মান

শুনবে টিয়া পাখির গান

আম খাবে না

জাম খাবে না

ঈগলু চুইংগাম খাবে না-

করবো আমি কী?

কী দিয়ে তার  মান ভাঙাবো

ভাবতে বসেছি

শুক্রবার, ৬ মে, ২০১১

মায়ের জন্যে

মা গিয়েছে কোথায় চলে বলতে পারো কাকু

মনের ভেতর কেন এমন করছে আকুপাকু

বলতে পারিস বাগানজোড়া রঙিন ফুলের ঝুরি

মা কেন আর গল্প-ছড়া কয় না ভুরি ভুরি?


কী কারণে নারাজ হলো মা যে আমার পরে

কেনই বা রে আমার কচি মনটা কেঁদে মরে

ও রূপোলি মিষ্টিমুখি গন্ধমাতাল জুঁই

মা গিয়েছে কোন বা দেশে বলতে পারিস তুই?


ও চামেলি বেলি,

তোরাও কেন হঠাৎ এমন চুপটি করে গেলি

ওরে গোলাপ কামিনী আর গোমড়ামুখি হেনা

তোদের কাছে আছে নাকি আমার কোনো দেনা?


তাই বুঝিরে রাগ করেছিস মুখ করেছিস ভার

মা হারানোর ব্যথা বুকে সয় না যে রে আর

দিন কেটে যায় চোখের জলে ফোরায় নাতো রাত,

মা না এলে কারোর হাতে আর খাবো না ভাত

৩০/৮/৯০ খ্রি.

বুধবার, ২৭ এপ্রিল, ২০১১

মা যেন গো

মা যেন গো আকাশভরা তারার হাসি

শিশিরঝরা ধানের কচি চারার হাসি

উঠোনজোড়া রাঙা ডালিম ফুলের হাসি

             ঝুমকোলতার দুলের হাসি


মা যেন গো মেঘের কোলে রোদের হাসি

বহু যুগের এক কাড়ি ঋণ শোধের হাসি

বুকের মাঠে স্বপ্ন বোনা সাধের হাসি

          জোছনাভরা চাঁদের হাসি


মা যেন গো রামধনুকের সবুজ হাসি

ফসলদোলা বুনো হাওয়ার অবুঝ হাসি

দোয়া-আশিস আদর মাখা ছায়ার হাসি

         আর গোধূলি মায়ার হাসি

০৬/৬/১৯৯৭ খ্রি., কৃষ্ণপুর।


মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

মায়ের ভালোবাসা

মায়ের পেটে খিদের জ্বালা পেট ধুঁক ধুঁক করে

কোলের শিশু বুকে নিয়ে সুখ আনে অন্তরে

ছেলে-মেয়ের জন্যে মায়ের বুকে অঢেল আশা;

মায়ের ভালোবাসা অনেক-

মায়ের ভালোবাসা


এই পৃথিবীর সবচে দামি মানুষ হলেন মা

খোদার পরে মায়ের আসন কেউ তা ভুলো না

মায়ের কাছেই আমরা শিখি সকল কাঁদা-হাসা;

মায়ের ভালোবাসা অনেক-

মায়ের ভালোবাসা


সব মানুষের স্বর্গ আছে মায়ের পদতলে

মাকেই বেশি ভালোবাসো স্বর্গ পেতে হলে

মায়ের বিশাল উদার মনে বাঁধতে হবে বাসা;

মায়ের ভালোবাসা অনেক-

মায়ের ভালোবাসা

০৬/৬/১৯৯৭ খ্রি., কৃষ্ণপুর।