মা কে জানো এই দুনিয়ায় সবচে বড় আসন যার
সাত সাগরের রত্ন মানিক মধুর মধুর শাসন যার
মুখে ফুলের হাসি, বুকে অসীম মায়া ধারণ যার
মায়ার বাঁধন দিয়ে গড়া আদেশ নিষেধ বারণ যার।
মা কে জানো এই দুনিয়ায় পায়ের নিচে স্বর্গ যার
খোদার পরে পাওনা আছে ভক্তি পুজো অর্ঘ্য যার
আশিস দোয়া আশীর্বাদে ভরা যুগল চরণ যার
সন্তানদের জন্যে খুবই তুচ্ছ মরণ বরণ যার।
মা কে জানো এই দুনিয়ায় সবচে দিলে রহম যার
নেই কোনো পাপ পঙ্কিলতা তিল পরিমাণ অহম যার
ভালোবাসা খাস মমতার নেই তো বুকে অভাব যার
মহান মহৎ কলঙ্কহীন দেবীর মতো স্বভাব যার।
মা কে জানো এই দুনিয়ায় সওয়াব লেখা বদন যার
মনের ভেতর বিরাট বিশাল শান্তি সুখের সদন যার
এই উপহার খোদার দেয়া হৃদয় খুবই নরম যার
সব মানুষের ঊর্ধ্বে যিনি স্নেহের পরশ পরম যার।
০৭.০৬.২০১০, বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন