বক্তৃতা দেন ফাটাফাটি জ্বালাময়ী ভাষণ
সহ্য ওনার হয় না মোটে এক ফোঁটা দুঃশাসন
দেশের ভালোর জন্য উনি তেজি গলা ফাটান
দেশদরদী দেশকে নিয়ে সদায় মাথা খাটান
মুক্ত স্বাধীন মনের মানুষ বড্ড স্বাধীনচেতা;
নেতা।
সাধারণের জন্যে উনি রাতেও শুয়ে কাঁদেন
উন্নয়নের শপথ নিয়ে দু হাত বুকে বাঁধেন
দীন দুখীদের খবর নিতে এ গাঁয় ও গাঁয় হাঁটেন
সবার কাঁধে কাঁধ মিলিয়ে নিজেও তিনি খাটেন
বিপদ আপদ দেখলে কোথাও দেন সরিয়ে কে তা;
নেতা।
হ্যালো হ্যালো টেলিফোনে চাকরি অনেক জোটান
দান খয়রাত করে লোকের মুখে হাসি ফোটান
দাবি দাওয়ার স্লোগান নিয়ে মিছিল মিটিং করান
ঝড় ঝঞ্ঝায় রিলিফ দিয়ে অভাব-জ্বালা সরান
ভোটের সময় পয়সা দিয়ে নেন ছিনিয়ে জেতা;
নেতা।
মোকদ্দমা মামলা হলে উনি পুলিশ থামান
নিজের যত দোষের বোঝা লোকের ঘাড়ে নামান
ফন্দিফিকির দাঙ্গা করে গদির চেয়ার ধরেন
কারোর ওপর রাগ থাকলে যবর ঘায়েল করেন
ক্ষমতাসীন দলের উনি বীর বাহাদুর হেতা;
নেতা।
০৪.০৭.২০১০, বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন