বুধবার, ১১ মে, ২০১১

চিঠি

কেমন আছিস       লক্ষ্মী আমার সুমি
আগের মতোন      করিস কি দুষ্টুমি?
লিখছি বসে         এই চিঠি তোর কাছে
মন্নি ম্যামি          শান্ত কেমন আছে?

পড়াশোনায়        মনটা বসে কি রে
বিকেল বেলা       যাস কি নদীর তীরে?
পরসমাচার         আমার কথা শোন
তোদের দোয়ায়    ভালোই আছি বোন

পিতা-মাতা         বেশতো আছে ভালো
ক্লাশ ফাইভ         পাস করেছে আলো
মিথ্যে কথা         বলছিনে তো মোটে
আজও  বিলে       রক্ত কমল ফোটে

এলেই এবার       শাপলা ফুলের মালা
আরো দেবো        দুটো রুপোর বালা
খুব লিখেছি         এখন শেষের পানে
বেড়িয়ে যাস       মনটা যদি টানে

নিয়মিত            খোঁজ ও খবর নিস
চিঠি পেলে         জবাব লিখে দিস
চিঠির আশায়       থাকবো প্রতীক্ষায়
এবার রাখি         ইতি আহাদ ভাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন