৮ই ফাগুন
ফাগুন মাসের মিষ্টি বাতাস আনমনে দেয় দোল
কৃষ্ণচূড়ার রাঙা ঠোঁটে বয় রাঙা হিল্লোল
সজনে ডালে কোকিল ডাকে সকাল দুপুর সাজে
সবুজ মাঠের ধারে নদীর পায়ে নূপুর বাজে।
রুপোলি মেঘ ঝাঁকে ঝাঁকে অচিন দেশে যায়
সুনীল আকাশ গান শুধু গায় স্বর্ণালি সন্ধ্যায়
গোধুলি রঙ ছড়িয়ে গরু গোয়াল ঘরে আসে
ডাবের পাতা একলা নাচে কী মহা উল্লাসে।
মাঠে মাঠে আদুরিণী সোনার ফসল দোলে
গাছগাছালি মাতায় পাখি সুরেরই কল্লোলে
ভোরের ঘাসে কুচি কুচি শিশিরদানা ঝরে
তখন আমার মনটা যেন থাকে না অন্তরে।
কোন্ ব্যথারা বুকের ভেতর দেয় যে মাথাচাড়া
হৃদয় বলে মনটা আমার আজ যেন কী হারা
শিরায় শিরায় কারা যেন মিছিল করে জাগুন
যখন আসে শহীদ দিবস মহান ৮ই ফাগুন।
২৯.৭.১৯৯৪ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন