ছেলেবেলার বন্ধুরা সব এখন একেক জনা
নিজেই বড় লজ্জিত হই করলে আলোচনা
আজকে তবু বলে ফেলি পয়লা থেকেই ধরুন
ফার্মেসিতে ব্যবসা করেন বন্ধু আমার অরুন।
সামাদ গেছে সৌদি আরব মজনু আরেক দেশে
শামীম থাকে কোম্পানিতে কামানো উদ্দেশে
আসাদ নামী কোর্টের উকিল হাতে অনেক কেস
শফি করে একচেটিয়া জমানো বিজনেস।
বাদল বড় প্রকৌশলী মন্টু চালায় কার
আলম এখন লাখোপতি মস্ত দোকানদার
ওমর আলী চাকরিজীবী মেকার তারাচাঁদ
দামুড়হুদার এক কলেজে রয়েছে সাজ্জাদ।
রাজার আছে চালের আড়ত টাকার সে কী জোর
রফিকুলের ব্যস্ত দোকান মদিনা স্টোর
ঢাকায় তোতা, মোশাও এখন এগিয়ে এক ধাপ
শিক্ষকতা পেশায় আসাদ শমসের ও মান্নাফ।
রহমানের অনেক টাকা ঢাকায় মহাবুল
ভালোই আছে ইউপি সচিব বন্ধু আমিরুল
মতি এখন টাকার কুমির চড়ে নিজের গাড়ি
আমিই কেবল বেকার হয়ে পড়ে আছি বাড়ি।
১৫/৩/৯৮ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন