রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সব

হারিয়ে গেল আশা,

হারিয়ে গেছে লক্ষ মানিক

গভীর ভালোবাসা।


হারিয়ে গেছে ছবির মতো

আবেশ ভরা কবির মতো

হাজার খাতার গান,

হারিয়ে গেছে গাছগাছালির

পাখির কলতান।


ঝড়ের ছোবল ঘর নিয়েছে

ভিটেমাটি চর নিয়েছে

বিয়ের কনে বর নিয়েছে

হতচ্ছাড়া জলোচ্ছ্বাসে

সব গিয়েছে ভেসে,

কান্না-হাসির এমন খেলা

আসলো কেন দেশে?


উড়ির চরে সারি সারি

গন্ধ পচা লাশ,

হায়রে জলোচ্ছ্বাস।


তুমুল ঝড়ে কোন ফাঁকে হায়

দিলো যে হাতছানি,

রাতদুপুরে হঠাৎ ঘরে

উঠলো বানের পানি।

ছলাতছলাত যায় পানি

ফুলে ফেপে ধায় পানি

হায়রে ব্যাপারটা কী?

কেমন করে ছেলে বুড়ো

গাছের মাচায় থাকি।

১০.৫.১৯৯১ খ্রি. কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন