উৎফুল্ল বদনে,
চাকচিক্য পোশাকে
ঈদের বাজার গরম
গরম
নিউ মার্কেটে
প্রবেশ করা যায় না ওদের জন্য
যারা
অট্টালিকায় সোনার খাটে নিদ্রা যায়
সুখের স্বপ্নকে
সারাক্ষণ বুকে জড়িয়ে আছে
যারা
অনাহারীদের খিদের ওপর জিপ চালায়।
অথচ, কেউ কি
তাকিয়েছো
ওই অসহায় উলঙ্গ
বালকের দিকে
সে আজ কদিন
যন্ত্রণায় জ্বলছে
কদিন কিছু
খায়নি!
আজ সবাই
প্রেমের জলে ভেলা ভাসিয়েছে
গায়ে নানান
পোশাক জেল্লা দিচ্ছে
প্রিয় প্রিয়ার
হাত ছুঁয়ে গান ধরেছে
কিন্তু কেউ কি
তাকাচ্ছো
ওই সর্বহারা
বাস্তুহারা আর্তনাদী দুঃখিনী মায়ের পানে
তিনি কাঁদছেন।
এক মুঠো ভাত আর
একটু হাসি-খুসি ভিক্ষা চান তিনি।
ভরা পেটে সবাই
ঢেঁকুর তোলে
সবাই মোহিত
মুগ্ধ
কুন্তলের
ফ্যাশন ফুরফুরে সমীরে ছড়িয়ে।
সেই মেয়েটির
কথা তো কেউ ভাবে না
যে এক টুকরো
কাপড়ের জন্যে
ধনীদের দ্বারে
দ্বারে ঘোরে
অবশেষে
ডাস্টবিনের সম্মুখেই
ফুটে ওঠে তার
এক চিলতে শুকনো হাসি।
প্রথম প্রকাশ পদধ্বনি
ঈদ সংখ্যা ১৯৮৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন