মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০১১

খোকার কথা

মাগো আমি একলা একাই তালদিঘিতে গিয়ে
এই দেখো না মাছ ধরেছি কঞ্চির ছিপ দিয়ে
জানো মাগো মাছ ধারা সে বড্ড কঠিন কাজ
তবু আমি সহজভাবে তাই করেছি আজ

আমি তোমার কাজের ছেলে নেই তুলনা যার
এমন ছেলে এ সংসারে খুঁজে পাওয়াই ভার
এখন তুমি মাছ ভাজো মা শিকের খাঁটি তেলে
আব্বু অনেক মজা পাবে দিঘির এ মাছ খেলে

আদর করে আব্বু দেখো আমায় কোলে নেবে
ভালোবেসে দু গাল জুড়ে অনেক চুমু দেবে
খুশি হলেই আব্বু যেতে দেবে মামার বাড়ি
এমন মজার সুযোগ বলো হেলায় কি মা ছাড়ি?

মামার বাড়ি যাবো আমি জরির জামা পরে
বেলেদাড়ির গাছগাছালি দেখবো দু চোখ ভরে
আমায় ছেড়ে ভয় পেয়ো না মন কোরো না ভারি
দেখো আমি মামার বাড়ি একাই যেতে পারি

আমায় নিয়ে তুমি কেন এতো যে ভয় পাও
দোহাই লাগে বাধ সেধো না আমায় যেতে দাও
তোমার খোকা আগের মতো পাগল ছেলে নেই
মোটেও আমি হারাবো না দিচ্ছি কথা এই

সামনে দুটো গাঁ পেরিয়ে মাথাভাঙ্গার ঘাট
ছাড়িয়ে যাবো বাঁ দিক ঘেঁষে বোয়ালমারীর মাঠ
এদিক ওদিক পানের বরজ সামনে যদি পাই
বুঝবো তখন পৌঁছে গেছি হাজরাহাটি গাঁয়
৩১ আগস্ট ১৯৯৭ খ্রি.
কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন