গাছগাছালি ঝোপে ঘেরা
আমার বাড়ি ঘর,
বুনো ফুলের সঙ্গে আমি
খেলি নিরন্তর।
কচি কাঁচা ফুলের হাসি
দেয় জুড়িয়ে বুক,
নানান ফুলের গন্ধ নিতে
রই হয়ে উৎসুক।
সন্ধেবেলা ঝিঁঝিঁ ডাকে
আঁধার ঘিরে আসে,
গাছের আগায় চাঁদটা এসে
মুচকি মিঠে হাসে।
মিটিমিটি তারা হাসে
আমায় ডেকে ডেকে,
ইচ্ছে হলেই আকাশ দেখি
আমার উঠোন থেকে।
শীমুল গাছে এসে বসে
বুনো পাখির ঝাঁক,
মৌমাছিদের গুনগুনানি
লাগায় মনে তাক।
বাড়ির উঠোন ঘিরে আছে
তাল-তমালের সারি,
বউ কথা কও ডেকে ওঠে
রাতদুপুরে ভারি।
ঠাণ্ডা বাতাস দোল দিয়ে যায়
আলতো করে বুকে,
সব মিলিয়ে সময় কাটে
অনেক অনেক সুখে।
০১/৯/১৯৯৭ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন