বুধবার, ২৭ এপ্রিল, ২০১১

সাংবাদিক


খবর লেখেন যবর লেখেন
মৃত্যু লাশের কবর লেখেন
ছুটে চলেন দিগ্বিদিক
নাম রবি ঘোষ সাংবাদিক।

ফাঁসির খবর চাষির খবর
ভাগ্নে খালা মাসির খবর
চোখের পানি হাসির খবর
ধাড়ি পাঠি খাসির খবর-

খুনের খবর নুনের খবর
খর সুপারি চুনের খবর
জুলাই এবং জুনের খবর
ছড়ান খবর চতুর্দিক;
নাম রবি ঘোষ সাংবাদিক।

তেলের খবর বেলের খবর
হাজতখানা জেলের খবর
পরীক্ষা-পাস ফেলের খবর
ন্তনগর রেলের খবর-

দিনের খবর ঋণের খবর
ভারত জাপান চীনের খবর
ভূত পেতনি জিনের খবর
খবর লেখেন কী ভৌতিক;
নাম রবি ঘোষ সাংবাদিক।

বিলের খবর ঝিলের খবর
মাছরাঙা বক চিলের খবর
সরষে ঘানি তিলের খবর
চিমটি চাটি কিলের খবর-

চালের খবর ডালের খবর
ডাব নারিকেল তালের খবর
লাঙল বিঁদে ফালের খবর
খবর লেখেন অথেনটিক;
নাম রবি ঘোষ সাংবাদিক।

ধানের খবর পানের খবর
জোয়ার ভাটা বানের খবর
ফেতরা জাকাত দানের খবর
হাসন লালন গানের খবর-

বাড়ির খবর গাড়ির খবর
নান্দা চুলো হাড়ির খবর
মদ হেরোইন তাড়ির খবর
লেখার আগেই খবর লিক;
নাম রবি ঘোষ সাংবাদিক।

বাঁশের খবর চাষের খবর
জায়গা জমি ঘাসের খবর
মুরগি ভেড়া হাঁসের খবর
খুনখারাবি লাশের খবর-

বুড়ির খবর ছুড়ির খবর
বিরাট বিশাল ভুড়ির খবর
ঝাঁটা বাড়ুন ঝুড়ির খবর
খবর লেখেন অযৌক্তিক;
নাম রবি ঘোষ সাংবাদিক।

পাওয়ার খবর খাওয়ার খবর
নানান দাবি-দাওয়ার খবর
মিছিল মিটিং ধাওয়ার খবর
আকাশ পাতাল হাওয়ার খবর-

রাতের খবর ভাতের খবর
ঠ্যাং মাথা পেট দাঁতের খবর
হুপিং কাশি বাতের খবর
লেখেন কী সব ঠিক-বেঠিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

ঘরের খবর পরের খবর
আবগারি ভ্যাট করের খবর
শ্বশুর কনে বরের খবর
মাথাঘোরা জ্বরের খবর-

রাগের খবর ভাগের খবর
জ্যৈষ্ঠ আষাঢ় মাঘের খবর
সিংহ হাতি বাঘের খবর
খবর লেখেন আধ্যাত্মিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

খাতার খবর ছাতার খবর
কাজের ঢেঁকি জাঁতার খবর
মশারি লেপ কাঁথার খবর
দান খয়রাত দাতার খবর-

ফুলের খবর চুলের খবর
গয়নাগাটি দুলের খবর
নস্যি তামাক গুলের খবর
খবর লেখেন অত্যধিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

মাঠের খবর ঘাটের খবর
শহর বাজার হাটের খবর
স্তা দড়ি পাটের খবর
চৌকি চেয়ার খাটের খবর-

হাড়ের খবর ঘাড়ের খবর
শীত কুয়াশা জাড়ের খবর
ঘা চুলকানি গাঁড়ের খবর
লেখাজোখায় কী নির্ভীক;
নাম রবি ঘোষ সাংবাদিক

আমের খবর জামের খবর
ডিপথেরিয়া হামের খবর
কেনা বেচা দামের খবর
পিয়ন চিঠি খামের খবর-

ফলের খবর জলের খবর
বদনা ঘটি কলের খবর
পায়খানা ছাই মলের খবর
সাবান সোডা ও হারপিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

সারের খবর তারের খবর
সেরেস্তা ছিপ চারের খবর
নৌকা ফেরি পারের খবর
জিপ রিকশা কারের খবর-

আলুর খবর বালুর খবর
গিন্নি খালা খালুর খবর
উঁচু নিচু ঢালুর খবর
খবর লেখেন সামগ্রিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

আড়ার খবর পাড়ার খবর
বিপদ আপদ ফাঁড়ার খবর
শেয়াল বেজি গাড়ার খবর
গাড়ি ঘোড়া ছাড়ার খবর-

কনের খবর মনের খবর
সুদ কিস্তি লোনের খবর
ভাবী ম্যাডাম বোনের খবর
খবর লেখায় আন্তরিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

ওলের খবর ঝোলের খবর
ম্যারাডোনার গোলের খবর
ইজারা হাট টোলের খবর
দুধ ছানা দই ঘোলের খবর-

ভোটের খবর জোটের খবর
পান সিগারেট নোটের খবর
টাই জুতো প্যান্ট কোটের খবর
খবর লেখেন আকস্মিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

হাজির খবর কাজির খবর
মরা শহীদ গাজির খবর
ঠক হারামি পাজির খবর
বেগুন পটোল ভাজির খবর-

জেলার খবর মেলার খবর
মাংস রুটি হেলার খবর
হাজার রকম খেলার খবর
খবর লেখেন অলিম্পিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

পাপের খবর সাপের খবর
পাল্লা দাঁড়ি মাপের খবর
কন্যা ছেলে বাপের খবর
গেলাস বাটি কাপের খবর-

ঘুষের খবর তুষের খবর
জ্ঞান-বিজ্ঞান হুঁশের খবর
ইরাক কুয়েত বুশের খবর
লেখেন খবর সামুদ্রিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

মামার খবর জামার খবর
কাঁসা পিতল তামার খবর
পিকেট খোয়া ঝামার খবর
তোমার এবং আমার খবর-

টাকার খবর ঢাকার খবর
মামা কাকি কাকার খবর
রেল মোটরের চাকার খবর
খবর লেখেন আপেক্ষিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

বুড়োর খবর খুড়োর খবর
বোয়াল মাছের মুড়োর খবর
শুকনো মরিচ গুঁড়োর খবর
খড় বিচালি হুড়োর খবর-

তালার খবর ছালার খবর
গামলা চামচ থালার খবর
দা ভোজালি ফালার খবর
খবর লেখেন সাংসারিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

দড়ির খবর নড়ির খবর
জাপানি হাতঘড়ির খবর
ওষুধ তাবিজ বড়ির খবর
জ্বালানি কাঠ খড়ির খবর-

মোষের খবর গোশের খবর
হানাহানি দোষের খবর
কীট জীবাণু কোষের খবর
খবর লেখেন আণবিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

চোরের খবর ভোরের খবর
আফিম গাঁজা খোরের খবর
শক্তি সাহস জোরের খবর
চিতা শ্মশান গোরের খবর-

নানার খবর খানার খবর
এসপি ওসি থানার খবর
বার্মা ভারত ঘানার খবর
খবর লেখেন বৈদেশিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

মুলোর খবর কুলোর খবর
কচি কাঁচা ফুলোর খবর
রান্নাবাড়া চুলোর খবর
কাপাস শীমুল তুলোর খবর-

জুতোর খবর সুতোর খবর
ঘা প্যাঁদানি গুঁতোর খবর
ভাঙা জখম খুঁতোর খবর
খবর লেখেন মানবিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

আদার খবর দাদার খবর
লুটিংপাটিং চাঁদার খবর
সবুজ কালো শাদার খবর
গাড়ল গবেট গাধার খবর-

মাছির খবর গাছির খবর
সর্দি বমি হাঁচির খবর
ভাচতে চাচা চাচির খবর
খবর লেখেন আবাসিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

ছোঁড়ার খবর ঘোড়ার খবর
একজিমা বিষফোঁড়ার খবর
এক্কেবারে গোড়ার খবর
হেঁসেল পাটা নোড়ার খবর-

ঘটির খবর বটির খবর
পালি পলা মটির খবর
পানাই মোজা চটির খবর
খবর লেখেন বাস্তবিক;
নাম রবি ঘোষ সাংবাদিক


দাদির খবর বাঁদির খবর
বিয়ে নিকে শাদির খবর
রাণী নবাবজাদির খবর
সোনা রূপা চাঁদির খবর-

বটের খবর ঘটের খবর
স্তা রশি চটের খবর
ভণ্ডপীরের জটের খবর
খবর লেখেন একাধিক;
নাম রবি ঘোষ সাংবাদিক


চলার খবর বলার খবর
নাক মুখ কান গলার খবর
সবরি সাগর কলার খবর
ওপর থেকে তলার খবর-

পেটের খবর মেটের খবর
জিনিসপাতির রেটের খবর
অট্টালিকার গেটের খবর
খবর লেখেন সাপ্তাহিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

মোটার খবর বোঁটার খবর
গালাগালি খোটার খবর
কপালে টিপ ফোঁটার খবর
ভাগাভাগি কোটার খবর-

মাছের খবর গাছের খবর
টেম্পো লরি বাসের খবর
দূর সীমানা কাছের খবর
খবর লেখেন ইলেক্ট্রিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

কালির খবর গালির খবর
ফুটো ফাটা তালির খবর
পুষ্ট ছোট জালির খবর
কুটুম শালা শালির খবর-

লোকের খবর শোকের খবর
কান্নাকাটি চোখের খবর
রক্ত খেকো জোঁকের খবর
খবর লেখেন পৈশাচিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

জাতির খবর তাঁতীর খবর
সঙ্গী জোড়া সাথির খবর
খুনোখুনি লাথির খবর
হলুদ সবুজ বাতির খবর-

আলোর খবর কালোর খবর
মন্দ খারাপ ভালোর খবর
বাগদি বুনো মালোর খবর
খবর লেখেন বৈদ্যুতিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

টাটার খবর বাটার খবর
কামলা মুনিস খাটার খবর
কৃষি খামার ছাটার খবর
বকনা ধাঁড়ী পাঠার খবর-

ঝোড়ের খবর মোড়ের খবর
কলার মোচা থোড়ের খবর
হাঁটা চলা দোড়ের খবর
খবর লেখেন অনৈতিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

রাজার খবর সাজার খবর
বন্ধ্যা সতীন বাঁজার খবর
বাদাম তিলে খাজার খবর
ডিম পরোটা ভাজার খবর-

বিবির খবর ঢিবির খবর
রাবি জাবি ইবির খবর
আর্মি পুলিশ ডিবির খবর
খবর লেখেন বিপত্নী;
নাম রবি ঘোষ সাংবাদিক

আখের খবর লাখের খবর
বাবরি চুলো টাকের খবর
তবলা ঢুলি ঢাকের খবর
হাওদা মোটা ফাঁকের খবর-

বুটের খবর লুটের খবর
মজুর কুলি মুটের খবর
ন্তঃনগর রুটের খবর
খবর লেখেন প্রাসঙ্গিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

ছড়ার খবর পড়ার খবর
থালা বাসন ঘড়ার খবর
ভাঙাচোরা গড়ার খবর
ঝাল পেঁয়াজু বড়ার খবর-

খাদের খবর বাঁধের খবর
গুড় পাটালি গাদের খবর
সূর্য তারা চাঁদের খবর
খবর লেখেন ঐশ্বরিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

রসের খবর কষের খবর
খানাপিনে যশের খবর
সালিস মিটিং দশের খবর
তাবিজ কব বশের খবর-

মায়ের খবর ভায়ের খবর
পল্লী পাড়া গাঁয়ের খবর
গোল্লা নাড়ু চায়ের খবর
খবর লেখেন আবশ্যিক;
নাম রবি ঘোষ সাংবাদিক

কেজির খবর তেজির খবর
কাঁঠবিড়ালি বেজির খবর
কিপটে কুঁড়ে লেজির খবর
লিখলো খবর ভুয়া;
দুদিন পরেই রবি ঘোষের
চাকরি গেল খুয়া

সবার কাছে রবি সাহেব
চাচ্ছে এখন দোয়া
আবার যেন পায় ফিরে সে
লেখালেখির ছোঁয়া
লোকে বলে এসব কি আর
ছেলের হাতের মোয়া
কমলা লেবুর কোয়া!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন