শীতের ছোঁয়ায় বাংলাদেশে এলো কুটুমপাখি
বিল-বাঁওড়ে শুনি ওদের মজার ডাকাডাকি
গানে গানে বনবনানী মুখর করে তোলে
জেগে ওঠে সোনার এ দেশ মধুর কলরোলে।
শীত সকালের আদরমাখা কচি নরম ঘাসে
আলোর পরশ মেখে যখন শিশিরকণা হাসে-
কুটুমপাখি সবাই তখন করে চড়ুইভাতি
ছেলে-বুড়ো কী আল্লাদে বেজায় মাতামাতি।
খেলার ছলে কেউ ছুটে যায় কাঁঠাল-শীমুল গাছে
আনন্দে কেউ পাখা মেলে শিস বাজিয়ে নাচে
ঝাঁকে ঝাঁকে অনেকে রোদ পোহাতে যায় মাঠে
জলে ভেসে ঠোঁট দিয়ে কেউ পাখায় বিলি কাটে।
কেউ মেতে যায় দুষ্টুমিতে কেউ বা মাতে গানে
পরস্পরে মেলে তারা ভালোবাসার টানে
বনবনানী বিল-বাঁওড় ও হাজার নদীর দেশে
শীতের পরশ দেয় মাখিয়ে কুটুমপাখি এসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন