মঙ্গলবার, ১৭ মে, ২০১১

দুলু রুমি



দুলু রুমি দুই ভাই-বোন বড্ড নিরুপায় তারা
বন্যাতে মা-বাপ হারিয়ে এতিম এখন তাই তারা
দ্বারে দ্বারে ভিক্ষে করে দিনের শেষে খায় তারা
ভিটেমাটির নেই ঠিকানা ভীষণ অসহায় তারা।

গায়ে তাদের জীর্ণ পোশাক করে যে হায় হায় তারা
উদম দেহে ঘোরে ফেরে একটানা কাতরায় তারা
বুকের খান হাড় গোনা যায় করে গো আইটাই তারা
কেউ কেউ কয় এসব ওদের সুযোগ ধরার পাঁয়তারা।

ধনী লোকের নরদমাতেও পায় না মোটে ঠাঁই তারা
সকল পথেই বাধা তাদের কোন্ বা পথে ধায় তারা?
পথের মানুষ এতিম মানুষ একসাথে গান গায় তারা
কান্না-হাসির ভেলায় ভাসে সকাল সন্ধ্যায় তারা।

মাথা গোঁজার ঠাঁইটুকুনু কবে কখন পায় তারা
কঙ্কালসার শিশু শরীর, হচ্ছে পুড়ে ছাই তারা
অসুখ বিসুখ খিদের জ্বালায় মরতে বুঝি যায় তারা

সবার মতো বাঁচতে খেতে মানুষ হতে চায় তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন