মাগো তোমার আঁচলতলে বেঁধো না আর ছাড়ো
কল্পকথার গল্প আমি শুনবো নাতো মোটে
এখন আমি অনেক বড় বুঝতে কি তা পারো
মনটা আমার চঞ্চলা তাই এদিক ওদিক ছোটে।
ইচ্ছে করে রামধনুকের সপ্ত রঙের মাঝে
রঙতুলিতে সারাবেলা রঙের খেলা শিখি
বনবনানীর ছবি আঁকি মেঘের ভাঁজে ভাঁজে
কিংবা ফসল ফুলের ছবি আলোর ঝিকিমিকি।
শিগগিরই মা বেতসবনে হারিয়ে যাবো আমি
বনমোরগের গানে মেতে ঘুরবো একা একা
যতই বলো দুষ্টু ছেলে করিসনে পাগলামি
তাও সহসা বলো মাগো পাবে আমার দেখা।
যাবোই আমি সাতসাগর ও তেরনদীর বাঁকে
নীল পাহাড়ের চূড়ায় ওঠা আমার ভারি সাধ
যাচ্ছি এবার এই ছেলেকে কে আর ধরে রাখে
দোহাই লাগে দাও খুলে মা তোমার স্নেহের বাঁধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন