মঙ্গলবার, ২৪ মে, ২০১১

গিন্নির লিস্টি

গিন্নি বলে আগামীকাল অফিসপাড়া ছুটি
আসবে বাবা, বরিশালের ইলিশ এনো দুটি
গরু-খাসির মাংস নিয়ো সাথে পোলাও চাল
তেল কিচমিচ এক কেজিটেক ভাজা মুগের ডাল

সরষে বাটায় রেধে খাবো ইলিশ মাছের মুড়ো
শুটকি নিয়ো সঙ্গে খানিক বিট লবণের গুঁড়ো
কলমি লতার কচি ডগা এনো দু’ তিন আঁটি
মাল মশলা দিয়ে দেখো রাধবো ফাটাফাটি।

বেগুন পটোল উচ্ছে আলু বরবটি শিম লাউ
নিজের মতো কিনো কিছু আর যা খেতে চাও
আনতে যেন ভুল কোরো না রাম ছাগলের ভুঁড়ি
রসমালাই দই রাজভোগ বুন্দে ছানার মুড়ি

শাঁই জিলাপি আরসিকোলা ফান্টা মিঠাই গজা
গোটা চারেক কলজে প্যাটিস, খেতে দারুণ মজা
হালি ছয়েক বেছে নিয়ো পাতিহাঁসের ডিম;
আমার বিবির লিস্টি আমায় বানিয়ে দেয় হিম।

ফর্দ দেখে রীতি মতো করছি শুরু ঘামা
হেসে বলে নিয়ো বাবার পাঞ্জাবি-পায়জামা
মাথায় রেখো দেশি কাপড় পরেন নাকো তিনি
প্রেশার বাড়ে কপাল ঘামে কিভাবে সব কিনি!
ফের শেষে কয় জ্বালানি নেই এনো দু’ মণ লাকড়ি
বউ বোঝে না আমার যে ছাই চোদ্দ টাকার চাকরি!

০৭.৯.২০০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন