আর পাবো না ছেলেবেলার
দিনগুলোকে খুঁজে,
কী মায়াময় লাগে যখন
ভাবি দু’ চোখ বুজে।
পাড়ার ছেলে মিলিজুলি
যেতাম নদীর ঘাটে,
টো টো করে ঘোরা হতো
ঢেলাগাড়ির মাঠে।
সাতসকালে মরাগাঙে
শাপলা তোলার খেলা,
গাঁয়ের মাঠে ঘুড়ি তুলে
কাটিয়ে দিতাম বেলা।
গরু নিয়ে মাঠে যেতাম
অনেক ছেলের সাথে,
উঠোন জুড়ে গল্প হতো
জোছনা ভরা রাতে।
বড়শি দিয়ে মাছ ধরেছি
বৃষ্টি রোদে ভিজে,
পোয়াল গাদায় লুকোচুরি
কী মধুময় কী যে!
মাদারহুদার চোতের মেলায়
নিয়ে যেতেন বাবা,
কেউ যদি যাও আজও সেথায়
আমার পরশ পাবা।
০২.৮.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন