আকাশ ছোঁয়া স্বপ্ন আছে আমার চোখে
দৃষ্টিরা তাই দেয় হানা দূর সূর্যালোকে
মন ছুটে যায় গগনভরা গ্রহের মাঠে
আবিষ্কারের নেশায় আমার সময় কাটে।
নীলাম্বরের নীল সীমানায় মনটা ছোটে
যেথায় হাজার রঙবেরঙের তারা ফোটে
থমকে দেখি একলা একা তারার মেলা
ভেসে চলে হরেক রকম মেঘের ভেলা।
শিশির ঝরা ঘোর কুয়াশার আঁধার দেশে
নিরেট ঘন ভেজা ভেজা হাওয়ায় ভেসে
কৌতূহলী মন ছুটে যায় আকাশ পানে
নাম না জানা রহস্যভেদ জানার টানে।
চাঁদের কণা ঝরে পড়ে জোছনা রাতে
মনটা তখন গবেষণার খেলায় মাতে
তিমির কেটে ছুটে চলে আলোর গাড়ি
ভাবনা এসে মাথায় জমে কাড়ি কাড়ি।
সাগর খালি হাতছানি দেয় ডেকে ডেকে
আমার যত অজানাকে জানবি কে কে
বুকের ভেতর তার আহবান জাগায় সাড়া
ব্যাকুলতায় মন হয়ে যায় পাগলপারা।
অচেনা সব মরুভূমির ধু ধু পথে
রাশি রাশি বালু ঘোরে হাওয়ার রথে
বড় হতে চাই প্রকৃতির কাছে শিখে
মন ছুটে যায় তাই পৃথিবীর দিগ্বিদিকে।
০৯.৯.০৮ খি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন