এটোকাঁটা খুদকুঁড়ো খায়
বাপ-মা হারা হাবিল,
বস্তা ঘাড়ে কাগজ কুড়োয়
তার ছোট ভাই কাবিল।
মিলের চাকা যায় ঘুরিয়ে
ছোট্ট ছেলে জামিল,
খিদে পেটে তার মনিবের
হুকুম করে তামিল।
খোয়া ভাঙে চান্দু-গ্যাদা
রিকশা চালায় কালু,
রক্তজমা ফোঁসকা পড়া
ওদের হাতের তালু।
সবাই যখন ইশকুলে যায়
রঙিন জামা পরে,
ওই শিশুদের ঘাম যে তখন
দরদরিয়ে ঝরে।
১৪.৯.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন