সোমবার, ২৩ মে, ২০১১

পালোয়ান

ইয়া বড় গোঁফধারী কী বিরাট পালোয়ান,

রোজ ভোরে জেগে কয় শিগগিরিই আলো আন

তারপরে সারা দেহ দুই হাতে চুলকায়,

জল ঢেলে ঢকাঢক বিশ কেজি গুল খায়


নাস্তায় খেতে লাগে সাত মণ জলপায়

বিশ মণ ছোলা খেলে গায়ে বেশি বল পায়

ষাট হালি ডিম তার সকালের চালপানি

তারপরে আরো খায় ভরে দুই গাল পানি


এক গালে পানি ধরে মেপে মেপে নয় কেজি

দুই গাল খেলে তবে হয় বলো কয় কেজি?

দুপুরেতে খায় রোজ আলু চাল পাক করে,

দুই টন হবে নাকি লোকে কয় তাক করে


মাছ গোশ খেয়ে খেয়ে কী বিশাল পেট তার,

হাতি ঘোড়া খেয়ে নিতে হয় নাকো লেট তার

একদম মিছে নয় আলবতই সত্যি-

তাকে দেখে ভয় পায় দেও দানা দত্যি


এতো বড় পালোয়ান দেখে যদি বিল্লি

ভয় পেয়ে চলে যায় ভারতের দিল্লি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন