নেংটি ইঁদুর লাগায় খেলার ধুম,
তাই ভেঙে যায় সিংহ রাজার ঘুম।
সিংহ রেগে বললো ‘হতচ্ছাড়া
তোর জীবনে আজই কঠিন ফাঁড়া
আমার চোখের ঘুম ভেঙেছিস তুই
আর কি তোকে থুই!
ইঁদুর মাথা হেঁট করে কয় ‘রাজা
মাফ করে দাও ভুল হয়েছে যা যা
ছেড়ে দিলে করবো উপকার
করছি অঙ্গীকার।’
উপকারের কথা শুনে
সিংহ কেবল হাসে,
‘হায় কী সর্বনাশ এ
ইঁদুর ছোঁড়ার ভয় কী রে,
জীবনটাকে বাঁচাতে সে
আবোল তাবোল কয় কী রে!
কী উপকার করতে পারিস
মিথ্যে এসব নয় কিরে?’
দু পাঁচ চাটি মেরে দেয়
ইঁদুরটাকে ছেড়ে দেয়।
একদিন সেই সিংহ পড়ে
এক শিকারীর ফাঁদে,
কেশর নেড়ে গর্জন দেয়
আর চেচিয়ে কাঁদে।
ইঁদুর এসে ফাঁদ কেটে দেয়
জালের সকল বাঁধ কেটে দেয়
সিংহ আসে বাইরে,
ইঁদুরকে সে বুকে নিয়ে
কেঁদে বলে ‘হায়রে-
ছোট বলে দাম দিইনি
ইঁদুর তুমি বড়,
শোধ হবে না ঋণের বোঝা
করলে পাহাড় জড়ো।
আমায় তুমি করলে ঋণী
থাকবে স্মরণ চিরদিনই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন