শনিবার, ৭ মে, ২০১১

ইচ্ছে করে


ইচ্ছে করে বাগান জুড়ে হতে ফুলের ঝুরি
রঙিন পাখা মেলে উড়ি প্রজাপতির মতো
আকাশে হই সারাবেলা শাদা মেঘের ঘুড়ি
সুদূর নীলে গোত্তা খেয়ে বেড়াই অবিরত

ইচ্ছে করে রাতদুপুরে হতে জোনাক পোকা
আলোর পিদিম জ্বেলে ঘুরি ঘন বাঁশের বনে
হাসির রেণু ছড়িয়ে হই পল্লি­ মায়ের খোকা
বাবলা বনে খেলে বেড়াই একলা আপন মনে

ইচ্ছে করে আকাশে হই শরকালের তারা
খোকা-খুকুর কপাল জুড়ে হই সোনালি টিপ
চাঁদের সাথে হেসে হেসে হতে মাতোয়ারা
সন্ধ্যা তারার দেশে গিয়ে দিই জ্বালিয়ে দীপ

ইচ্ছে করে যাই হয়ে যাই স্বাধীন বুনো পাখি
দিই মেলিয়ে মুক্তাকাশে সবুজ দুটো ডানা
কিংবা তমাল-হিজল বনে কিচিরমিচির ডাকি
ঘুরে ঘুরে দেখে বেড়াই আকাশ ছামিয়ানা

ইচ্ছে করে শিশির হয়ে ঘাসের ওপর ঝরি
নেয়ে বেড়াই পাতালপুরীর শানবাঁধানো ঘাটে
খেলবে আমায় সাথে নিয়ে স্বর্গীয় ফুলপরী
ইচ্ছেগুলো বুকে পুষে সময় আমার কাটে
 ০৬/৯/৯০ খ্রি.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন