নানির আদলে গড়া মা’র মুখ মায়ের আদলে আমি
নিশি দিন তাই মা’র সাথে আমি করি খালি পাগলামি
মা’র গলা ধরে রাতে শুয়ে থাকি দিনমান পিছেপিছে
হটিহটি করে ফিরে আসি ফের মা’র আঁচলের নিচে।
খানাপিনে ভুলে ধুলোবালি নিয়ে মাঝে মাঝে মেতে থাকি
পাজি ছেলে বলে মামনি আমায় খুঁজে করে ডাকাডাকি
আমি যে বেয়াড়া পাজি ছেলে বেশ শৈশবে মাও ছিলো
ধারণা আমার পুরোপুরি ঠিক মিছে নয় এক তিলও-
নানি শুনে কয় ‘ঠিক বলেছিস কথা মিছে হয় নাকি
তোর মাও ছিলো দুষ্টু-পাজিতে একেবারে পাকাপাকি’
কথা শুনে হাসে মামনি তখন রাঙা হাসিমুখ টিপে
পাজি ছেলে বলে কোলে তুলে চুমু খায় গাল চিপেচিপে।
মা’র কোলে চড়ে আল্লাদে খুব গদগদ হয়ে কই,
শৈশবে তুমি পাজি মেয়ে ছিলে আমি একা পাজি নই।
১৪.৯.০৪ খ্রি. হাসপাতাল কোয়ার্টার, মেহেরপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন