মঙ্গলবার, ২৪ মে, ২০১১

আউলা ঝাউলা মন

আমার কোমল কিশোর মনের ভাবনারা খায় দোল
দু’চোখ জুড়েও উতাল পাথাল যায় খেলে হিল্লোল
আউলা ঝাউলা মাথার ভেতর বাউল বাউল ভাব,
আবেশ বোঝাই চোখের কোনায় অজানা খোয়াব।

মনের তাবৎ ভাবনা হারায় খামখেয়ালির তালে
এই বুঝি যায় দূর অজানায় লুকায় সে আডডালে
মনের কোঠায় মন বেঁধেছে আরেক নতুন ঘর
ঘুরবে এবার সেঘর থেকেই নিঝুম তেপান্তর।

মন মেলে না মনের সাথেই, একলা হয়ে চলি
এমনিভাবেই লেখাপড়ার দিচ্ছি জলাঞ্জলি
মা বকা দেন পাগল ছেলে কাগজ কলম নাও
সন্ধে-সকাল বিদ্যালয়ের পাঠেতে মন দাও।

বাবার আদেশ একই রকম পড়তে বোসো বাপু
ওদের মতোন শাসন-বারণ করেন বড় আপু
কেউ রাখে না মনের খবর কার কাছে যে কই
বনের ধারে নদীর পারে একলা বসে রই।

২১.০২.২০০৪ খ্রি. শিয়ালবাড়ি, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন