মঙ্গলবার, ৩১ মে, ২০১১

বোনের জন্য

ও নাহারন স্নেহের বাঁধন ছয়টি ভা’য়ের একখানা বোন,
কীসের কারণ ভার করে মন ছিঁড়ে গেলি বুকের এ কোণ?
মুখটা বেজার সয় নারে আর বছর গেলো এককুড়ি চার,
স্বপ্ন আমার পুড়ে ছারখার অশ্রু ঝরে দুই চোখে মা’র

মুছবে কে বল চোখের এ জল নীল বেদনায় শেষ বাহুবল,
নেই উজ্জ্বল মুখমণ্ডল শোক-কাতরে হতবিহবল
ও সোনা জান পূর্ণিমা চান হারিয়ে গেলি কী অভিমান?
সব হাসি গান ভেঙে খান খান কোথায় আছিস নেই অনুমান

কীসের আড়ি ছেড়ে বাড়ি কোন্ অজানায় দিলি পাড়ি,
মায়ার কাড়ি মধুর হাড়ি করলি ভেঙে ছাড়াছাড়ি
তুই যে বুকের শান্তি-সুখের হিজল পিয়াল গাছ উঠোনের,
এমন কীসের উঠালি জের তাই বলে কি আসবিনে ফের?

কষ্ট লাগে পেয়ে বাগে ছোটখাটো একটু রাগে,
দুঃখ জাগে সবার আগে এমন করে কেউ কি ভাগে?
কোন্ সুদূরে অচিনপুরে গেলি হৃদয় ভেঙেচুরে,
স্বর্গ ফুড়ে উড়ে উড়ে আসিসরে বোন আবার ঘুরে
১৮.৯.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন