মঙ্গলবার, ৩১ মে, ২০১১

আমন্ত্রণ

শহরে আর থাকিসনেরে আসিস আমার গাঁয়,
ঝিঁঝিপোকার গান শোনাবো রোজ তোকে সন্ধ্যায়
জোনাকিদের মেলায় যাবো বাঁশবাগানের তলে,
সন্ধ্যামণির মালা গেঁথে পরাবো তোর গলে

‘বউ বথা কও’ ডাক শোনাবো গভীর নিঝুঁম রাতে,
গল্প বলে রাত কাটাবো আনন্দ হল্লাতে
খুব সকালে উঠে যাবো কলমিতলার বিলে,
ডাগর ডাগর শাপলাগুলো তুলবো দুজন মিলে

কাটবো সাঁতার পা নাড়িয়ে মাথাভাঙ্গার ঘাটে,
বেলুন-বাঁশি ঝিনুকমালা কিনবো গাঁয়ের হাটে
আম-কাঁঠালের বনে বনে পাখপাখালির গান-
মাঠে মাঠে দেখবি আরো বরজভরা পান

ভুট্টা ক্ষেতে করবো দুজন ফড়িং ধরার খেলা,
শিশুবনে দেখবো টিয়ে-হরিয়ালের মেলা
করবো দুজন হাঁটাহাঁটি ধান-কাউনের আলে,
কী যে দারুণ মধুর হাসি ধরবে না তোর গালে

মেঠো পথের ধারে ধারে বুনো ফুলের বনে,
মৌমাছিরা বসে মধু খায় চুষে আনমনে
বাউরি বাতাস দোল দিয়ে যায় মাঠের সবুজ ক্ষেতে
কৃষক চাষি নিজের কাজে সদায় থাকে মেতে

অন্য গাঁয়ের লোক এলে আর যায় না কোনো দিন
তাইতো এ গাঁয় থাকেন ‘কবি ভাই’ জসীম উদদীন।
১৬.৭.০৮ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন