সেই শুভদিন হঠাত সেদিন পেরিয়ে গেছে হায়
লাল গোলাপের পাপড়ি হাতে ছিলাম প্রতীক্ষায়
বলেছিলে জন্মদিনে করবে টেলিফোন
সেই শুভক্ষণ হারিয়ে এখন শূন্য হৃদয় কোণ!
কোনো কথায় ঠিক রাখো না দরদ খালি মুখে
মিছামিছি তোমার ছবি আঁকছি কেবল বুকে
রাত ঘুমঘুম সব নিঝঝুম একলা জেগে আমি
ছড়ায় ছড়ায় খাতা ভরাই করি কী পাগলামি।
একলা শুধু ভাবি আমি তোমার ভাবনা নেই
সারাবেলা ভেবে ভেবেই হারিয়ে ফেলি খেই
কোথায় থাকি কেমন থাকি খোঁজ রাখো না মোটে
এই বেচারার কথা কি আর তোমার মনে ওঠে!
দিন চলে যায় মাসও গড়ায় বছর দিলাম পাড়ি
আর দেরি নয়, তোমার সাথে এবার দিলাম আড়ি।
২০০১ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন