শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১

কার বধূ কার কন্যা

কার বধূ কার কন্যা যায় মধুর মধুর হেসে
ইচ্ছে করে পাশে দাঁড়াই একটু ভালোবেসে।

সে_
রাঙা রাঙা দুটো পায়
আলতো কদম ফেলে যায়
বাউরি বাতাস ঢেউ খেলে তার মাথার কালো কেশে।

একলা একা গাঁয়ের পথে দুলে দুলে হাঁটে
যে পথ গেছে এঁকেবেঁকে মাথাভাঙ্গার ঘাটে

সে_
টানা টানা চোখে চায়
আহা মরে কী লজ্জায়
হলদে শাড়ি পরনে তার যায় সে বধূ বেশে।

মায়াভরা মুখে মেয়ের টিয়ে রাঙা ঠোঁটে
অজানা সব ভালোবাসা গোলাপ হয়ে ফোটে

সে_
ফিরে ফিরে কেন চায়
বাঁধলো এ কী মমতায়
ওর জন্যে আমি কি গো পাগল হবো শেষে!
১৫.৯.২০১১ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন