আজব গাড়ি আজব গাড়ি
বাংলাদেশের রেল,
ছটার গাড়ি রাত বারোটায়
নেই তবু আক্কেল।
চেকার বাবু গরম দিয়ে
পয়সা কড়ি নেয় হাতিয়ে
টিকিট ছাড়াই দূর বহুদূর
যায় কত মক্কেল_
আজব গাড়ি আজব গাড়ি
বাংলাদেশের রেল!
চোরাচালান ফেন্সি গাঁজা
পড়লে ধরা পকেট তাজা-
জিআরপিদের হয়;
কেউ করে না ভয়-
চালক সাহেব ট্রেন থামিয়ে
বিক্রি করেন তেল;
আজব গাড়ি আজব গাড়ি
বাংলাদেশের রেল।
প্যাসেনজারের হুড়োহুড়ি
জোয়ান যুব বুড়োবুড়ি
লোক ধরে না ঠাসাঠাসি
হয়ে সবাই যান;
তাও নাকি লোকসান!
রেল বিভাগের কর্তা যারা
পেয়ে গেছে খুব আশকারা
টাকার লোভে তোমার আমার
মাথায় ভাঙে বেল;
আজব গাড়ি আজব গাড়ি
বাংলাদেশের রেল।
সব গাড়িরই একই রকম হাল
বুকিং ছাড়াই উঠছে মালামাল
খুশি হলেই বড় সাহেব
সব অপরাধ হজম গায়েব
চলছে ওরা ইচ্ছে মতোন
লোকাল কি বা মেল;
আজব গাড়ি আজব গাড়ি
বাংলাদেশের রেল!
কোথায় গেছে রেলের আইন
স্লিপার কচি লোহা লাইন
গোপনে হয় সেল;
আজব গাড়ি আজব গাড়ি
বাংলাদেশের রেল।
নেতা আসেন হাত মিলিয়ে
করবো সোজা সব কিলিয়ে
মন্ত্রী বদল ফন্ত্রী বদল
হলো হাজার তন্ত্রী বদল
গোড়ায় গলদ আছে বলেই
সব বাবাজি ফেল;
আজব গাড়ি আজব গাড়ি
বাংলাদেশের রেল!
রেলের যত জমিজমা হাতছাড়া
করছে লোপাট ভূমি দস্যু খাত ছাড়া
আমার তোমার রেলের জাগা
ভাগার ওপর হচ্ছে ভাগা
উঠছে বড় দালান-কোঠা
হয় না এতে জেল;
আজব গাড়ি আজব বিভাগ
বাংলাদেশের রেল।
২৫.০২.২০১২ বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন