টেনশনে গা ঘামছে আমার টেনশনে গা ঘামছে
পণ্য কিনে বাড়ছে প্রেশার, একটুও না নামছে
সব মাছেরই বাজার বাড়ে
মরার বাড়ে তাজার বাড়ে
চালের বাজার
ডালের বাজার
আলু বেগুন ঝালের বাজার
সয়াবিনের বাজার দিনে ছ’বার মারে লম্ফ
হাঁস মুরগি গরু খাসি দেখায় ভূমিকম্প-
চড়ায় চড়ায় বাজার গড়ায় কেউ মোটে থামছে?
টেনশনে গা ঘামছে আমার টেনশনে গা ঘামছে।
মাসে মাসে নানান ছুতোয় বাড়ছে খালি বাড়ি ভাড়া
ছেলে-মেয়ের টিফিন খরচ বিদ্যালয়ের গাড়ি ভাড়া
গ্যাস বিদ্যুত বিলের টাকা
শাড়ি চুড়ি হিলের টাকা
পানির বিল ডিসের বিল
স্যারের কোচিং ফিসের বিল
কাজের বুয়া, ময়লা ফেলা
আর যেন সব কিসের বিল;
পয়লা তারিখ এলেই তো বউ পকেট ধরে খামছে,
টেনশনে গা ঘামছে আমার টেনশনে গা ঘামছে।
০৮.৩.২০১২ খ্রি.
বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন