রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৩

এক ঘাটে খায় জল


গোয়ালবাড়ির কটা শেখের পালোয়ান এক ছেলে
হায়না শেয়াল খতম করে হাতের কাছে পেলে
সিংহ হাতি পালায় ভয়ে দেখলে ছেলের ঘুষি
ভাত রুটি নয় খায় সে কেবল ইসুবগুলের ভুসি।

গাছের বাকল লতা পাতা হজম করে গিলে
আজব ব্যাপার দেখলে তোমার চমকে যাবে পিলে
তাবত মানুষ আঁতকে ওঠে অজানা কোন ডরে
তাকে দেখে সবাই কাঁদে খিল লাগিয়ে ঘরে।

দাঁত কটমট বজ্র ফাটে তার কী ভীষণ রাগ
হঠাৎ সেদিন বন থেকে সে আনলো ধরে বাঘ
গোয়াল ঘরে বাঘটা বাঁধে সাথেই গরু মোষ
তিন পশুতে দোস্তি বেজায় করে না ফাঁস ফোঁস।

গরু মোষের সঙ্গে বাঘও চিবিয়ে খায় ঘাস
নেই গর্জন হুক্কা হালুম মধুর বসবাস
কী পালোয়ান কেমন গতর ভীষণ সাহস বল
তার ভয়ে বাঘ গরু ছাগল এক ঘাটে খায় জল!
১০ আগস্ট ২০১২ খ্রি.
বনানীবাড়ি, র্কোটপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন