রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

ভোরের আজান


ভোর আজানের মধুর ধ্বনি করুণ করুণ বাজে

চুপি চুপি আবেশ তোলে নীরব বুকের মাঝে

স্বর্গ থেকে পাঠালো কে জান্নাতি এই বীণ

কী মায়াময় সুরে সুরে বাজায় মোয়াজ্জিন।


জাদুর মতো ছড়িয়ে পড়ে ডাকে মোহের বান

শয্যা ছেড়ে জাগে দেশের তাবত মুসলমান

ঘুম ভাঙিয়ে ভোরের পাখি কিচির মিচির গায়

বাঁধনহারা শীতল হাওয়া খুশির ছোঁয়া পায়।


আড়ামোড়া দিয়ে ওঠে গাছগাছালির দল

তারারা হয় নিবু নিবু নদ-নদী চঞ্চল

প্রজাপতি পাখায় পাখায় রঙের তুলি টানে

সংগোপনে ছন্দ ছড়ায় ফুলের কানে কানে।


ফুলেরা সব ফুটে সারা খোদার কথা শুনে

মুসল্লিরা মসজিদে যায় তসবি গুনে গুনে

বেহেশতি তান হেসে ছোটে, তানের মিহি দানা

মনের ওপর পড়লে সরে পাপের সামিয়ানা।


কী মোলায়েম সুধার বাণী বেড়ায় ঘুরে ঘুরে

মনের যতো কালিমা দোষ পালায় বহু দূরে

খোদার কাছে মাথা ন্যুয়ে সাহায্য চাই তার

ফজর নামাজ পড়তে দাঁড়াই আল্লাহু আকবর।

১৬ জানুয়ারি ১৯৯৮ খ্রি.

কৃষ্ণপুর, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন