সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬

আধুনিক



:ওগো রাখাল একটু দাঁড়াও
খেলার ঝাঁপি খুলি
ছেড়ে গরু মাঠে খানিক
যাও খেলে ডাংগুলি।

-ধুত্তুরি ছাই কাজের চাপে
এখন গায়ে জ্বর
চাষের কাজে পাওয়ারটিলার
চালাচ্ছি ট্রাক্টর।

: খোকন ছেলে আসবে তুমি
তাই তো বসে আছি
চলো না আজ হল্লা করে
খেলবো কানামাছি।

-কী যে তুমি বলো না ছাই
খেলা এতোই সোজা,
এখন বিদায় আমার মাথায়
লেখাপড়ার বোঝা।

:খুকুমণি দাঁড়াও না বোন
কাজ কি হাতে মেলা,
কাছে এসো আমরা দুজন
খেলি পুতুল খেলা।

-ওসব রাখো, জানো নাতো
কোচিং আমার কতো,
পুতুল খেলা লাগে এখন
আদিম যুগের মতো।

: ব্যস্ত সবাই কারণটা কী
বুঝছি নাতো ঠিক,
সংস্কৃতি ভুলে হলাম
কেমন আধুনিক?
২৯ মে ২০১৬
কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন