শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

আঁকি দেশের ছবি



নদীর বুকে পাল তুলে নাও চলে যখন
একূল ওকূল হয় একাকার জলে যখন
ঘাটে ঘাটে নৌকা ডিঙি ভাসে যখন
পানসি চড়ে নতুন বধূ আসে যখন
তখন আমার মনটা বলে আজই;
যাই হয়ে যাই খেয়া ঘাটের মাঝি।

শাপলা ফোটে হাওড় বাঁওড় বিলে যখন
ছোঁ দিয়ে মাছ ধরে পালায় চিলে যখন
মোটা মোটা ঢ্যাপরা ঝিলে পাকে যখন
ঘাটে নামে বউরা কলস কাঁখে যখন
কত মানুষ মাছ ধরে জাল ফেলে;
ভাবি আমি তক্ষুনি হই জেলে।

মাঠে মাঠে গরু বাছুর চরে যখন
বাঁশের বাঁশি উদাস পাগল করে যখন
হল্লা করে রাখালরা এক সাথে যখন
ডাংগুলি আর মজার খেলায় মাতে যখন
তখন আমার মনটা খুবই চায়;
এই এখনই রাখাল হয়ে যাই।

চাষিরা সব ঘাম ঝরিয়ে খাটে যখন
ছাটা ধরে ধান ভুরো পাট কাটে যখন
ভূঁই-জমিতে জো হলে চাষ করে যখন
লাঙল বিদের মৌসুমি হাল ধরে যখন
ঢেলার ওপর একটানা দেয় মই;
ইচ্ছে করে গাঁয়ের কৃষক হই।

সোয়ারী যায় স্বামী বাপের বাড়ি যখন
গাড়োয়ানে খেদায় ছইয়ের গাড়ি যখন
মাঠের পরে মাঠ পেরিয়ে থামে যখন
ঘুমটা পরে আদুরে বউ নামে যখন
দিগন্তে ওই ডুবুডুবু রবি;
শিল্পী হয়ে তখন আঁকি ছবি।
২১.০৮.২০১৪
হাজিবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।    
# # # # # #

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন