সোমবার, ২৫ এপ্রিল, ২০১১

সংখ্যার ছড়া

এক দুই তিন;

গোশভাত রোজ খায়

রাজাদের ভোজ খায়

তবু তার স্বাস্থ্যটা

যায় দিন দিন-

এক দুই তিন


দুই তিন চার;

রাত-দিন খালি পড়ে

মুখে চুন-কালি পড়ে

ফেল করে সব কাজে

লোকে দেয় মার-

দুই তিন চার


তিন চার পাঁচ;

সারাদিন ছবি আঁকে

বিজ্ঞানী কবি আঁকে

শেষমেশ ছবি হয়

হাবা আলকাচ-

তিন চার পাঁচ


চার পাঁচ ছয়;

চোখ বুজে ঢিল মারে

বাজপাখি-চিল মারে

মুখে খুব ভাব ঝাড়ে

বাস্তবে নয়-

চার পাঁচ ছয়


পাঁচ ছয় সাত;

স্বপ্নে সে কলা খায়

দুই কান মলা খায়

রাগে দাঁত কটমট

ভেঙে ফেলে হাত-

পাঁচ ছয় সাত


ছয় সাত আট;

পাকা বেশ বুদ্ধিতে

মজা পায় সুদ দিতে

কিস্তিতে কিনে আনে

ঘুণে খাওয়া খাট-

ছয় সাত আট


সাত আট নয়;

খুবই নাকি নাম তার

কাড়ি টাকা দাম তার

মন্দ বা ভালো হোক

সব কাজে রয়-

সাত আট নয়


আট নয় দশ;

রাগে চোখ লাল করে

তিলটাকে তাল করে

কাঠফাঁটা কথা বলে

নেই রস কষ-

আট নয় দশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন