শুক্রবার, ৬ মে, ২০১১

আষাঢ় মাসে

আষাঢ় মাসের বৃষ্টিভেজা দিনের আলো
আলসেমিতে ভরা যেন দিনটি কালো
এমন দিনে মন বসে না কাজেকামে
কুঁড়েমি সব চুপিচুপি মাথায় নামে

ভাল্লাগে না একলা একা ঘরের কোণে
ভাবনা এসে জমাট বাঁধে অবুঝ মনে
কালো কালো মেঘের ভেলা ভেসে ভেসে
আপন মনে ছুটে চলে দূরের দেশে

আমার কোমল খেয়ালি মন মেঘের সাথে
দূর অজানায় ছুটে চলার খেলায় মাতে
কখনো মন নেমে পড়ে ক্ষেতের মাঠে
কিংবা কোনো ঝরনা বওয়া নদীর ঘাটে

থেমে থেমে সবুজ মাঠে বৃষ্টি ঝরে
তেষ্টা পাওয়া বিল বাঁওড়ের পরান ভরে
মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে সবুজ হাসি
ফসল বুকে জড়িয়ে হাসে কৃষাণ চাষি

ওদের হাসি দেখে আমার মনটা হাসে
দাঁড়াই গিয়ে আপন মনে চাষির পাশে
আলসেমি সব দূর হয়ে যায় অনুরাগে
মনটা তখন একলা এসে কাজে লাগে
০৭/৭/০৯ খ্রি.
বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন