বেজায় ঘাগু টোকো মিয়ার
নেই পরাজয়-হার,
মাথাধরা লোকের সাথে
কুটুম্বিতে তার।
জাপা যখন দেশ চালাতো
টোকোর মুঠোয় চাঁদ,
তাউই ছিলেন রাষ্ট্রপতি
এইচ.এম এরশাদ।
বিএনপি যেই ক্ষমতা পায়
দলের নেতা ফালু-
রাতারাতি হয়ে গেলেন
বউয়ের মেজ খালু।
আওয়ামী লীগ যায় পাওয়ারে
ক্ষমতাধর আমু,
হঠাত করেই শোনা গেলো
ওনার ছোট মামু।
চারদলীয় জোট ক্ষমতায়
দেন জানিয়ে টোকো,
আমার আপন ফুপাতো ভাই
তারেক জিয়া-কোকো।
এলো এবার কেয়ারটেকার
কী যে ভয়াল দিন,
ভগ্নিপতি হলেন মঈন
আর ফখ্রুদ্দীন।
যাক যেদিকেই গদির চেয়ার
যার আমলই হোক,
আত্মীয়তার সূত্রে উনি
পাওয়ারপার্টির লোক।
০৯.১২.২০০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন