রবিবার, ২৯ মে, ২০১১

এখন আমি একা

একটা আমার আকাশ ছিলো নদী ছিলো

সুখের পুলক স্বপ্ন নিরবধি ছিলো

বিশাল সাগর বিরাট উদার পাহাড় ছিলো

মন আকাশের নীল সীমানায় বাহার ছিলো

কপোল জুড়ে ছিলো আমার সুখের তিলক রেখা;

এখন আমি একলা এবং একা!


এককালে খুব হাসি খুশি আশা ছিলো

চঞ্চলা মন মুখে মধুর ভাষা ছিলো

মনের মানুষ ভালোবাসার বাতি ছিলো

ফুল-ভোমরের সঙ্গে মাতামাতি ছিলো

কোন্ ফাঁকে কে হারিয়ে গেছে পাইনে কারো দেখা;

এখন আমি একলা এবং একা!


একদা খুব স্বপ্ন মাখামাখি ছিলো

মনগগনে অনেক সুখের পাখি ছিলো

মনের মানুষ তপ্ত আমার বুকে ছিলো

সব মিলিয়ে মন ও হৃদয় সুখে ছিলো

আর ইদানীং হয় বিরহের সব কবিতা লেখা;

এখন আমি একলা এবং একা!

০৬.৯.০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন