রুকু-৫
৪০.
আল্লাহ বলেন ‘শোনো শোনো বনি ইসরাইল
খেয়াল করো সেই নিয়ামত উজাড় করে দিল
যা তোমাদের দিয়েছিলাম, যে ওয়াদা ছিল
পালন করো পুরোপুরি ফেলো না এক তিলও
যে ওয়াদা আমার ছিল তা পাবে নিশ্চয়
আমায় করো ভয়, কেবল আমায় করো ভয়
আর আমি যে কিতাব দিলাম ঈমান আনো তাতে
এসব ভুলে জড়িয়ো না আর কোনো সংঘাতে।
৪১.
আগেও কিতাব নাজিল করি যা আজও চকচক
নতুন কিতাব নতুন হলেও আগের সমর্থক
সবার আগে তোমরা যেন না যাও কাফির নামে
আমার আয়াত বেচো নাকো অল্প কিছু দামে
আমার দয়া যাচো,
আজাব থেকে বাঁচো।
৪২.
সত্যকে মিথ্যার আবরণে ঢেকো না
জেনে বুঝে সত্যকে চাপা দিয়ে রেখো না।
৪৩.
সালাত আদায় করো
জাকাত দেয়া ধরো।
যারা কেবল আমায় করে ভয়
সামনে আমার নতজানু হয়
ঝেড়ে ফেলে সব নিবেদন টুকু
তাদের মতো তোমরা করো রুকু।
৪৪.
অন্যদেরকে সকাল বিকেল নেকের পথে ডাকো
তোমরা আবার নিজের কথা নিজেই ভুলে থাকো
অথচ যেই কিতাব পড় তার মতো দিন কাটাও না
বুদ্ধি থেকেও খাটাও না।
৪৫-৪৬.
ধৈর্য এবং নামাজ দ্বারা তোমরা মদদ চাও
দেখো কি না পাও
কিন্তু নামাজ খুবই কঠিন বিরাট বড় বোঝা
তাদের কাছে সোজা
অনুগত যেসব মানুষ দু চোখ বুজে ভাবে
ক’দিন পরে রবের কাছে তারা ফিরে যাবে।’
(০২.৮.০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন