রুকু-৬
৪৭.
সেই সময়ের কথা স্মরো ফিরিয়ে সম্বিত
বনি ইসরাইলের প্রতি দেন খোদা ইঙ্গিত
কী নিয়ামত দিয়েছিলাম শান্তি-সুখে ঘেরা
তোমাদেরই করেছিলাম সকল জাতির সেরা।
৪৮.
সেই দিনটাকে ভয় করো আর পুষে রাখো বুক মাঝে
যেই দিন কারো আসবে না কেউ তিল পরিমাণ কাজে
কারো পক্ষের কোনো সুপারিশ কবুল হবে না আর
পার যে পাবে না পার
কোনো অপরাধী সেই দিনে আর পাবে নাকো নিস্তার।
৪৯.
ওই সময়ের কথা দ্যাখো মনে করে
কঠিন আজাব দিতো তোমাদের ধরে
ফেরাউনই দলের কবলে ছিলে
করতে তাদের গোলামি সবাই মিলে।
ছেলে সন্তান জবাই করতো তারা
মেয়েরা বাঁচতো ছিলো সমাজের ধারা
সেই সমাজের অবস্থাটা হয়তো মনে আসে
তোমাদেরই জন্য ছিলো বিরাট পরীক্ষা সে।
৫০.
ভেবে দ্যাখো সাগর দিলাম চিরে
জলরাশির মধ্যে পারের সুপথ পেলে ফিরে
ফেরাউনের গোষ্ঠী গেলো নীল সাগরে ডুবে
পানি খেয়ে মরলো চুবে চুবে।
৫১.
স্মরণ করো, আমি যখন মুসাকে ডাক দিই
চল্লিশ দিন-রাতের জন্য আমার কাছে নিই
মুসা নবী চলে গেলেই পাপ বসলো জেঁকে
গরুর বাছুর নিয়ে সবাই মা’বুদ নিলে ডেকে।
এসব খুবই বাড়াবাড়ি গুরুতর পাপ
৫২.
তবু আমি করে দিলাম সব তোমাদের মাফ
তোমরা যাতে বুঝেসুজে পাক করে নাও হিয়া
বারে বারে আদায় করো শুকরিয়া; শুকরিয়া।
৫৩.
তোমরা যখন নিজেই নিজের করলে খাটো মান
তখন আমি মুসাকে দিই কিতাব ও ফোরকান
তোমরা যাতে সুপথ খুঁজে পাও
খোদার মতে যাও।
৫৪.
স্মরণ করো মুসা যখন জাতির কাছে এলো
জাতি তখন সঠিক দিশা পেলো
জাতির জন্য আনলো নিয়ে অনেক নিয়ামত
বাতলে দিলো মহান খোদার সহজ চলার পথ
বললো ‘বাছুর মা’বুদ ডেকে করলে অনেক ভুল
নিজের ওপর জুলুম করে পরলে গলায় শূল
তওবা করো খোদার কাছে
বাঁচবে তবেই রক্ষা আছে।’
তার কাছে সব ফেলো চোখের জল
পেতেও পারো সবটুকু মঙ্গল।’
তওবা কবুল করে খোদা দিলেন অনেক দান
আল্লাহ মহান ক্ষমাশীল ও বড়ই মেহেরবান।
৫৫.
তোমরা যখন বলেছিলে মুসা নবীর কাছে
সামনে এনে দেখাও তোমার আল্লাহ কোথায় আছে
আল্লাহ যদি তোমার সাথে কথা বলেন এসে
আমরা দেখে সব বিশ্বাস করবো হেসে হেসে
আল্লাহকে না দেখলে কিছুই মানবো না
তোমার প্রতি ঈমান মোটেও আনবো না।
অতঃপর এক আজাব পড়ে ঝরে
৫৬.
সেই আজাবে সবাই গেলো মরে
আমিই খোদা বাঁচিয়ে দিলাম ফের
তোমরা যাতে কৃতজ্ঞ হও ঢের।
৫৭.
কী মনোরম মেঘের ছায়া ছড়িয়ে দিলাম
মান্না এবং সালওয়া তাও গড়িয়ে দিলাম
যত্ত পারো মজায় মজায় খাও
মেঘের ছায়ায় আয়েশ করে নাও
কিন্তু কোনো জুলুম কোরো নাকো
পরস্পরে মিলে মিশে থাকো।
৫৮.
আল্লাহ বলেন যাও ছড়িয়ে সমুখ জনপদে
ইচ্ছে মতোন খেতে থাকো মজা ও আল্লাদে।
জমিনে যা ফলে খাও
যে যেখানে পারো যাও।
জনপদে ঢোকার আগেই মাথা করো নত
মহান খোদার কাছে ক্ষমা চাইবে অবিরত
তবেই আমি ভুল-ত্রুটি সব করতে পারি ক্ষমা
হোক সে গোনাহ পাহাড় সমান জমা
আরো খবর আছে অনেক নয়া
নেক বান্দার জন্য দেবো মধুর মধুর দয়া।
(০৪.৮.০৯ বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।)
৫৯.
কিন্তু যারা জালিম তারা নেয় না কথা কানে
তাদের জন্য আজাব রাখা ছিল দূর আসমানে
অবাধ্যতার শান্তি দিলাম শেষে তারা বোঝে
মানুষ যেন খোদার দেয়া সঠিক সুপথ খোঁজে।
(০৫.০৮. ০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন