মঙ্গলবার, ১০ মে, ২০১১

ভোটের আগে

ভোটের আগে প্রার্থী আসেন
নিজ এলাকা ভালোবাসেন
ঘোরেন ফেরেন ভাষণ ছাড়েন
কথায় কথায় দুহাত নাড়েন
ভোট পেরুলেই বাই;
জনগণের বাড়াভাতে
পড়ে চুলোর ছাই

ভোটের আগে নিজ জেলাতে
প্রার্থী আসেন হাত মেলাতে
গলা ফাটান জোরেশোরে
আশ্বাস দেন দুহাত ভরে
ভোটের পরে হাওয়া;
এমপি থাকেন রাজধানীতে
যায় না খুঁজে পাওয়া

ভোটের হাওয়া উঠলে দেশে
নেতা আসেন নানান বেশে
সবাই যেন সাধুর বাবা
মনটা ওদের গীর্জা-কাবা
জ্বালান বাতি-ধুপ;
ভোটের পরে বেরিয়ে পড়ে
ওদের আসল রূপ

নির্বাচনের আগা দেখে
চামচা নেতা আসেন ঝেঁকে
উন্নয়নের ঝুড়ি ধরেন
নানান রকম শপথ করেন
তবু মারেন রিলিফ,
কায়দা করে নিজের নামে
ইসু করেন সিলিফ

ভোটের আগে টাকা ছড়ান
ভোটটা দেয়ার শপথ পড়ান
পরে মারেন গমের কোটা
উন্নয়নের ছিটেফোঁটা
হয় না এলাকায়-
চামচা যারা বরাদ্দ সব
মিলেজুলে খায়

নেতা হবেন রাঘব বোয়াল
একাই খাবেন গাদার পোয়াল
ভোটের আগে জুজুবুড়ি
শেষে খাবেন মুড়কি মুড়ি
মন্ত্রিপাড়ায় বাড়ি,
ওনার কথায় ওঠে বসে
থানা হাজত ফাঁড়ি

ভোটের আগে নেতা কাঁদেন
শপথ নিয়ে বুকটা বাঁধেন
ঘুরে বেড়ান দ্বারে দ্বারে
বয়ান ঝাড়েন বারে বারে
স্বপ্ন মেলা আঁকেন,
ভোটের পরে যায় না দেখা
অট্টালিকায় থাকেন

ভোটের আগে মিছিল মিটিং
হয় জনতা সাইজ ফিটিং
নেতা ছাড়েন মিথ্যে বুলি
জেগে ওঠে কামার-কুলি
ভোটটা হলেই পার,
কোনো নেতার চরণধূলি
আর মেলে না আর

ভোটের নেতা জোটের নেতা
চানকা গরম ফোটের নেতা
জ্বালাও পোড়াও চোটের নেতা
তবিল ভরা নোটের নেতা
সব নেতাকেই চিনি,
ভোটের শেষে সবাই খেলেন
মজার ছিনিমিনি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন