ওদের কথায় থানা চলে
ভাগ্নে মামা নানা চলে
যতই করুক মারিংকাটিং
লোকের মাথা ফাটা ফাটিং
কিচ্ছুতে নেই ভয়-ভাবনা-
বেটেবুটে যতই খাক;
সরকারিদল চিচিং ফাঁক।
সুই ঢোকে না ফাল ঢোকায়
কলসি ঘড়ায় থাল ঢোকায়
আইন-কানুন নেই পরোয়া
ওদের কাছে সব ঘরোয়া
ওরা সবার অধিপতি-
পিটিয়ে বেড়ায় নিজের ঢাক;
সরকারিদল চিচিং ফাঁক।
ওদের ছিলো নাকে পোটা
পাঁচ বছরেই দালান কোঠা
স্বার্থ নিয়েই মাতামাতি
আঙুল ফোলায় রাতারাতি
ভণ্ডামি আর প্রতারণা
করে এবং মারে ধাক;
সরকারিদল চিচিং ফাঁক।
মারে রিলিফ গমের কোটা
ইলিশ কেনে মোটা মোটা
দেখায় বিরাট বাহাদুরি
কলম খাতায় পুকুরচুরি
ভুড়ি বাড়ে দিনে দিনে-
চকচকা হয় নেতার টাক;
সরকারিদল চিচিং ফাঁক।
খাস জমি সব ওদের ভাগে
জবরদখল দাগে দাগে
বিরোধীদের পুরে জেলে
বেগুন ভাজে পরের তেলে
ফিরিজ ভরা মাছ মাংস-
অন্যরা খায় কচুর শাক;
সরকারিদল চিচিং ফাঁক।
১৭.৬.০৫ খ্রি. হাসপাতাল কোয়ার্টার, মেহেরপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন