এই দেশে ভাই সব ছিল
মধুর কলরব ছিল
উঠোন বাড়ির কাছে কাছে
পাতা ও পল্লব ছিল-
পুকুরভরা মাছ ছিল
বাগানজোড়া গাছ ছিলো
ভাটিয়ালি জারি সারি
আলিম ও আব্বাস ছিল।
এই দেশে ভাই সব ছিল
সুখের অনুভব ছিল
পাড়া-গাঁয়ের সব মানুষের
মনে খুশির রব ছিল-
বনবাদাড়ে ফুল ছিল
হাজার নদীর কূল ছিল
সরলসোজা দাদি-মা’দের
মাথাভরা চুল ছিল।
এই দেশে ভাই সব ছিল
কাউন ভুরো যব ছিল
বাঙালিদের প্রাণে প্রাণে
নবান্ন উৎসব ছিল-
গোলা বোঝাই ধান ছিল
বরজভরা পান ছিল
সব কৃষকের মুখে মুখে
মহাসুখের গান ছিল।
এই দেশে ভাই সব ছিল
খুশির মহোৎসব ছিল
বিশ্বজুড়ে বাঙালিদের
কাপড়ের গৌরব ছিল-
তালপুকুরের ঘাট ছিল
ফসলভরা মাঠ ছিল
মাঠে মাঠে বিশ্বসেরা
সোনালি আঁশ পাট ছিল।
এই দেশে ভাই সব ছিল
আনন্দ উৎসব ছিল
বসতবাড়ির কোলে কোলে
রঙিন ফুলের টব ছিল
শাপলাফোটা ঝিল ছিল
পদ্মপাতার বিল ছিল
পরস্পরে সবার সাথে
সব মানুষের মিল ছিল।
এখন কিছুই নেই;
কী কারণে কোথায় গেল
হিসেব সবই এলোমেলো
একটুখানি জানতে চেলেই
সব করে খেইমেই।
২১.৯.২০০৭ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন