থাকলে টাকা ভণ্ড মানুষ
সাধুতে হয় গণ্য,
দেশের মানুষ লাইন ধরে
কোলাকুলির জন্য।
থাকলে টাকা ইচ্ছে মতোন
কেনা সহজ পণ্য,
রাতারাতি ছাফ করা যায়
জমকালো অরণ্য।
থাকলে টাকা একের মুঠোয়
ধরা পড়ে অন্য,
সবাই বলে মিঞা মিঞা
হোক না সে জঘন্য।
থাকলে টাকা বাজে মানুষ
থাকে না আর বন্য,
টাকায় মানুষ উঁচু নিচু
টাকায় মানুষ ধন্য।
২৪/০২/৯৮ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন