আমাকে তুমি যে পাগল বানালে দেয়ানা করেছো বেশ,
ব্যথাতুর মনে তিলে তিলে আমি হয়ে উঠি নিঃশেষ।
বিস্ময়ভরা চোখ দুটো ওগো জেগে থাকে নিশিদিন,
তুষের আগুনে পুড়ে পুড়ে মন বনে যায় অশালীন।
তোমার ডাগর মায়াময় আঁখি বারে বারে দেয় ডাক,
কাছাকাছি হয়ে ফিরে আসি যেন হয়ে পড়ি নির্বাক।
মনে জাগে সাধ নতুন জনমে বারবার ফিরে আসি
একশো জনম থেকে যাই আমি তোমারই পাশাপাশি।
জাগতিক যত আরাধনা আছে আকাশের যত নীল-
সব তোমাকেই সপে দিয়ে তাও হইনে যে সাবলীল।
দিতে চাই মন আরো দিতে চাই শ্বেত পবনের বন,
দিনে দিনে আমি তোমারই জন্যে উজাড় করেছি মন।
যখনই আমার মনজানালায় জেগে ওঠে কারো ছায়া,
বুকের ভেতরে নাড়া দিয়ে যায় তোমারই মুখের মায়া।
হাসিভরা দিন খুশিভরা দিন আমাকে নেয় না ডেকে,
তোমার আমার স্মৃতিময় দিন মনে পড়ে থেকে থেকে।
২০০৪ খ্রি. হাসপাতাল কোয়ার্টার, মেহেরপুর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন