শনিবার, ১৪ মে, ২০১১

খোকার অভিমান


মাগো তুমি আমায় কেবল বলো পাগল ছেলে
আমি নাকি সারাটাদিন বেড়াই খেলে খেলে
দস্যি ছেলের মতো আমি ধরিনে মা ঝিঁঝি
তবু কেন কান মলে দেয় তোমার মেয়ে রিজি?

সকল সময় তোমার হুকুম আমিই শুধু শুনি
তোমার কাছে রিজি তবু পান্না হিরে চুনি
যা চায় রিজি তাই কিনে দাও মুখ করো না ভার
আমার বেলায় বড্ড অভাব দেখাও তুমি আর-

রিজির আছে ছয়টি জামা আমার দুটো মোটে
আমার বেলায় তোদের কি মা পয়সাকড়ি জোটে?
রিজিকে দিস পুতুল কিনে পুতুল মেয়ের শাড়ি
আমায় কিনে দিসনে কেন একটা খেলার গাড়ি?

সববেলাতেই ফাঁকি দিলে মাগো দেখিস কবে
তোকে ছেড়ে হারিয়ে যাবো তখন কী তোর হবে?
হয়তো সেদিন খেলবো আমি লক্ষ তারার মাঝে
কিংবা কোনো রঙিন মেঘের নরম ভাজে ভাজে

সেদিন তুমি যতই ডাকো আমায় পাবে নাকো
রিজি তোমার লক্ষ্মী মেয়ে ওকে নিয়েই থাকো
মা হেসে কন ‘বলিস কী রে জড়িয়ে ধরেন বুকে
তোরা দুজন আছিস বলেই আছি অনেক সুখে

সকলবেলায় তোকে ফাঁকি দেবো কেন খোকা
মায়ের সাথে এমন কথা বলতে আছে বোকা
তোকে আমি পাগল বলি কে বলেছে কেরে?
পাগল বলে তোকে খোকা সোহাগ করি যেরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন