শনিবার, ৭ মে, ২০১১

টুপুর

মায়ের স্নেহের গাল ফুলানো ছোট্ট মেয়ে টুপুর

নানান খেলায় মত্ত থাকে সন্ধে সকাল দুপুর

ওর রয়েছে তিনটে পুতুল শিউলি তমা রুমু

আদর করে যখন তখন ওদের খাবে চুমু


পুতুল মেয়ের পালকি গাড়ি আছে কিলিপ শাড়ি

রোজই টুপুর ওদের সাথে রাগ করে দেয় আড়ি

এই নিয়ে কেউ বললে কিছু গাল ফুলিয়ে থাকে

আব্বু এসে কোলে তুলে মান ভাঙাবে তাকে


পুতুল নিয়ে নেই টুপুরের সময় মতো খাওয়া

এইতো ছিলো আবার হঠাৎ যায় না তাকে পাওয়া

সারাটা দিন রান্নাবাড়া কেবল ধুলো বালি

ঠাট্টা করে দাদুর কাছে চাখাতে যায় খালি


লাঠি হাতে দাদু যখন করে পেছন তাড়া

যায় পালিয়ে হেসে হেসে মাতায় সারা পাড়া

হাসিখুশি ভরা টুপুর দুষ্টুমিতেও পাকা,

তাইতো অতো কোলে তুলে আদর করে কাকা


সবার চোখে টুপুর যেন নজরকাড়া মেয়ে

সারাবাড়ির সুখ যত সব এই মেয়েকে পেয়ে

০৬/৯/৯০ খ্রি.কৃষ্ণপুর, চুয়াডাঙ্গা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন