শিমুল ডালে ঝোকায় ঝোকায় ফুটলো রাঙা ফুল
পলাশ বনে রঙে মাতাল হাওয়ার দোদুল দুল
বাউরি বাতাস দোল খেয়ে যায় কৃষ্ণচূড়ার ডালে
ঘাসফড়িঙের নাচানাচি সবুজ ধানের আলে।
প্রজাপতির আনোগোনা ফুলের ডালে ডালে
কচি পাতায় আলোর দানা সূর্য বসে ঢালে
সজনে ফুলের থোকায় থোকায় ভোমর করে গান
তমাল বনে কোকিল ডাকার হয় না অবসান।
আলতো কদম ফেলে শিশির ঝরে ঘাসের বুকে
আমের মুকুল হেসে ওঠে অজানা উৎসুকে
বুনো পাখির মাতামাতি হিজল-কাঁঠাল বনে
মন ভরে যায় কিচিরমিচির সুরের আলিঙ্গনে।
গাঁদা ফুলে একনাগাড়ে মৌমাছিরা গায়,
মেঘরা হাসে সিঁদুর পরে গোধুলি সন্ধ্যায়
ক্ষেতখামারে পরিবেশের কী অপরূপ সাজ
এলো বুঝি চোত-ভাগুনের মিষ্টি ঋতুরাজ।
২৮/০২/৯৮ খ্রি.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন