শনিবার, ৭ মে, ২০১১

মদন খয়ের খা

আলমডাঙ্গা কান্তপুরের
মদন খয়ের খা
সুযোগ ধরার জন্যে নেতার
চেটে বেড়ায় পা

পাম দিয়ে সে মানুষ পটায়
লোকের নামে কুসা রটায়
অকারণে গোল বাধিয়ে
চুলকে করে ঘা

রোজ বিকেলে বালিধারায়
শান দিয়ে নেয় দা,
বসে বসে কাকের মতোন
গলা সাধে কা-

লোকের মাথা কোপায়-ফাটায়
মামলা করেও হাজত খাটায়
আজগুবি ফের চিল্লিয়ে সে
মাথায় তোলে গাঁ

খুনখারাবি ফ্যাসাদ করায়
নেই মুখে তার না
আকাম কুকাম সব ব্যাপারে
কেবলই কয় হাঁ

আত্মীয়তা মুখে ফলায়
ভাব জমিয়ে গলায় গলায়
ফোঁস দিয়ে খায় কলা-রুটি
পান সিগারেট চা

যতোই করো গালাগালি
তাও মুখে নেই রা
হাতিয়ে নেয় পয়সা কড়ি
পায় যেখানে যা

ভাওতা মেরে টাকা বাগায়
সাথে সাথে কাজে লাগায়
ভাত দেয় না পরের বাড়ি
ঝি খেটে খায় মা

হাবাগোবা ভাব যেন তার
বোঝে না ডান-বাঁ
কিন্তু বেটা চালাক চতুর
সব সেয়ানার ছা 
স্বার্থ বুঝে খাতির জমায়
খাবল মারে জমিজমায়
বেজায় রকম জালজালিয়াত
কেউ বোঝে না তা
১৪/১২/০৯
বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন