রুকু-৯
৭২.
সেই কথা কি মনে পড়ে একটা মানুষ মেরে
সব ঘটনা আড়াল করে ফেলতে চেলে সেরে
ঝগড়া করে পরস্পরে চাপাও ঘাড়ে দোষ
আল্লা’ ভালোই জানেন এতে কে কারা নির্দোষ
আল্লাহ তা’লা সব ঘটনা করে দেবেন ফাঁস
অপরাধী ব্যক্তি যেন না করে উল্লাস।
৭৩.
তাইতো তিনি তাদের ওপর আদেশ করেন পেশ
গোশতো নিয়ে দিলেন লাশে ঠেকাতে নির্দেশ
মরা মানুষ তাজা হলো মহান খোদার শানে
সব ঘটনা বলে দিলো সবার কানে কানে।
আল্লাহ তা’লার কী মহিমা দেখো সে কী জন
অবশ্যই বুঝবে দেখে তার এই নিদর্শন।
৭৪.
এতো দেখে এতো বুঝে এতো শেখার পর
কেমন করে পাথর হলো তোমাদের অন্তর
মন তোমাদের পাথর কি বা কঠিন তারও চেয়ে
পাষাণও তো ফেঁটে ওঠে কোনো আঘাত পেয়ে
কোনো পাথর ফেঁটে গেলে বেরিয়ে আসে পানি
কোনো কোনো পাথরে বয় ঝরনা সে খানদানি
পাথর কাঁপে, পাথর শোনে খোদা বলেন যা
তোমাদের ওই মন পাথরে লাগলো না তাও ঘা।
তোমরা কোথায় কী করো সব ওনার আছে জানা
শেষ বিচারে দোষী হলে করবে ফানা ফানা।
(০৬.৮.০৯ খ্রি. বনানীবাড়ি, কোর্টপাড়া, চুয়াডাঙ্গা।)
৭৫.
শোনো মুসলমান
যতই বলো ওরা মোটে আনবে না ঈমান
ওদের নিয়ে করো যতই আশা মনোবল
সব হবে নিষ্ফল।
তাদের একটি দলের নীতি কেমন ছিল জানো
গভীরভাবে খোদার কালাম শুনতো তারা মানো?
বুঝেশুনে করতো আয়াত বিকৃত-
তারা খুবই ধিকৃত।
৭৬.
যখন তারা ঈমানদারের সঙ্গে এসে বসে
পঞ্চমুখী হয়ে ওঠে আল্লাহ-নবীর যশে
আবার যখন তারা তারায় মিলিত হয় এসে
আল্লাহ-নবীর সকল কথা উড়িয়ে দেয় হেসে।
তারায় তারায় খুব গোপনে বলাবলি করে
‘গোপন কথা না জানে কেউ ওদের নারী-নরে
জানলে বাপু বিপদ হবে টের পাবা শেষমেশ
সব অপরাধ খোদার কাছে করবে ওরা পেশ।
গোপন কথা দলিল হবে কেউ পাবে না মাফ
কাউকে কিছু বলবে না আর দিই বলে সাফসাফ।’
৭৭.
গোপন করে আড়াল করে বলতে করে মানা
এরা কি কেউ বোঝে না সব আগেই খোদার জানা?
৭৮.
তাদের মাঝে অশিক্ষিত আরেকটি দল আছে
বোঝে না তাই যায় না তারা মূল কিতাবের কাছে
কিতাবি জ্ঞান নেইকো তাদের ভেতর ফাঁকা ধু-ধু
বসে আছে পুষে নিয়ে মিথ্যে আশা শুধু।
এই ভরসায় আছে তারা কত বছর মাস
তারা কেবল নিয়ে চলে খাপছাড়া বিশ্বাস।
৭৯.
সুতরাং সব ধ্বংস হবে তারা কেবল তারা
নিজের হাতে শরিয়তের বিধান বানায় যারা
তারা আবার প্রচার করে এসব খোদার বাণী
ফায়দা লোটার জন্য তাদের ধান্দা এসব জানি।
তাদের হাতের লেখাগুলো ধ্বংস ডেকে আনে
ওসব দিয়ে কামাই-রুজি সেটাও আঘাত হানে।
৮০.
তারা বলে দোজখ মোদের পারবে নাতো ছুঁতে
অল্প কদিন শাস্তি হলেও মিলিয়ে যাবে ফুতে।
খোদা বলেন ‘কিসের বলে বড়াই করে তারা
কী কারণে তাদের এমন উদ্ধত আশকারা?
আল্লাহ তা’লার কোনো রকম ওয়াদা কি আছে
যে কারণে দুর্বল খুব হবেন তাদের কাছে?
কিংবা কোনো দায়িত্ব কি নেয়া আছে তার
যে কারণে খুব সহজে পাবে তারা পার।
তোমরা কেন এমন কথা বলে বেড়াও এতো
যে ব্যাপারে কোনো কিছুই নেই তোমাদের জ্ঞাত!
৮১.
কী কারণে দোজখ তাদের ছোঁবে না তাও কয় না
খোদার আছে সঠিক বিচার এমন কিছুই হয় না
করবে যারা পাপ
কেউ পাবে না মাফ।
পাপের জালে ঘেরাও যারা সারা বছর মাস
তারাই গিয়ে সেই দোজখে করবে বসবাস
অনন্তকাল থাকতে হবে দোজখ ধরে বুকে
পার পাবা না সেইখানে আর কপাল মাথা ঠুকে।
৮২.
এবং যারা ঈমান এনে নেক আমলে মাতে
তারাই যাবে সরাসরি তাঁর গড়া জান্নাতে
চিরকালের জন্যে তারা থাকবে মহাসুখে
সদাই হাসি মুখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন